নতুন সন্তানের মুখ এখনও দেখাননি ভারতী সিং, তার আগেই AI-তৈরি ভুয়ো ছবি ভাইরাল!

ভারতী সিং
শেষ আপডেট: 31 December 2025 19:17
দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন কমেডিয়ান ভারতী সিং। ছেলের জন্মের পরের কিছু বিশেষ মুহূর্ত তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেও, এখনও পর্যন্ত সদ্যোজাতের মুখ প্রকাশ্যে আনেননি। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে তাঁর ছেলের নামে ছড়িয়ে পড়া একাধিক AI-তৈরি ছবি—যেগুলোর সঙ্গে বাস্তবে তাঁর একরত্তির কোনও মিল নেই। বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন ভারতী।
গত ১৯ ডিসেম্বর ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া তাঁদের দ্বিতীয় পুত্রসন্তানের আগমনের সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন। সন্তানের ডাকনাম রাখা হয়েছে ‘কাজু’। দর্শক-অনুরাগীরা মুখ দেখার অপেক্ষায় থাকলেও, এখনও পর্যন্ত ভারতী ও হর্ষ কেউই সন্তানের ছবি প্রকাশ্যে আনেননি। তা সত্ত্বেও ইন্টারনেটে কীভাবে ছড়িয়ে পড়ল সেই সব ছবি—সেই প্রশ্নই তুলেছেন ভারতী নিজেই।
নিজের ভ্লগে তিনি জানান, বেশ কিছু অপরিচিত ব্যক্তি তাঁকে ইমেল এবং ইনস্টাগ্রামে মেসেজ করে কাজুর ছবি বলে দাবি করে নানা ছবি পাঠাচ্ছেন। এই বিষয়টি প্রথম নজরে আনেন ভারতীর ঘনিষ্ঠ বন্ধু দীক্ষা। তাঁর বক্তব্য, গোলা, ভারতী ও হর্ষের প্রথম সন্তান—একটি শিশুকে কোলে নিয়ে রয়েছে এমন ছবি তৈরি করা হয়েছে। পাশাপাশি হর্ষ ভাইয়া ও কাজুর নাম ব্যবহার করেও একাধিক ভুয়ো ছবি বানানো হয়েছে। দীক্ষা জানান, “লোকজন AI দিয়ে এই ধরনের ছবি তৈরি করছে। আমাকেও অনেকে ইনস্টাগ্রামে মেসেজ করে বলছে, এটাই কাজু। কিন্তু আমরা জানি, এগুলো সব ভুয়ো।”
এই ঘটনায় মন খারাপের কথাও গোপন করেননি ভারতী। তিনি বলেন, “আমি সবাইকে বলতে চাই, আমরা এখনও কাজুর মুখ প্রকাশ্যে আনিনি। কে জানে, AI দিয়ে আর কী কী বানানো হচ্ছে। তবে যে যা খুশি করুক। যখন আমরা নিজেরাই কাজুর মুখ দেখাব, তখনই সবাই আসল কাজুকে দেখতে পাবে। যারা AI দিয়ে কাজুর মুখ বানাচ্ছে, তারা কখনও মিথ্যেকে সত্যি প্রমাণ করতে পারবে না।”