দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন ভারতী সিং ও হার্ষ লিম্বাচিয়া। তবে সেখানেই থামছেন না তাঁরা। পডকাস্টে তৃতীয় সন্তানের পরিকল্পনার কথাও ফাঁস করলেন হার্ষ।

ভারতী সিং ও হার্ষ লিম্বাচিয়া
শেষ আপডেট: 13 December 2025 19:17
দ্য ওয়াল ব্যুরো: কমেডিয়ান ভারতী সিং ও চিত্রনাট্যকার–টিভি হোস্ট হার্ষ লিম্বাচিয়া দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন। ইতিমধ্যেই তাঁরা প্রকাশ্যে জানিয়েছেন। তাঁরা সব সময়ই বলেছেন, তাঁদের এবার একটি কন্যাসন্তান চাই। তবে এখানেই থামছেন না এই তারকা দম্পতি। সম্প্রতি নিজেদের ইউটিউব চ্যানেল ‘Bharti TV’-এর একটি পডকাস্টে হার্ষ জানালেন, তাঁরা ইতিমধ্যেই তৃতীয় সন্তানের পরিকল্পনাও শুরু করে দিয়েছেন।
সাম্প্রতিক ওই পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। মাতৃত্ব নিয়ে আলোচনার সময় সোনালি জানান, তাঁর একটাই সন্তান। তখনই ভারতী নিজের দ্বিতীয়বার মা হওয়ার ভাবনা নিয়ে কিছুটা দুশ্চিন্তার কথা শোনান। সোনালি তাঁকে আশ্বস্ত করে বলেন, ভারতী ইতিমধ্যেই একজন অভিজ্ঞ মা। সেই কথোপকথনের মধ্যেই হার্ষ হেসে বলেন, “হম রুকেঙ্গে নেহি, ভারতী”, অর্থাৎ, তাঁরা এখানেই থামবেন না।
হার্ষের এই মন্তব্যে সোনালি অবাক হলে তিনি আরও বলেন, “থ্রি ইজ মাই লাকি নাম্বার।” এরপর ভারতী পুরো বিষয়টি ব্যাখ্যা করে বলেন, হার্ষের ইচ্ছে যেহেতু একটি মেয়ে সন্তান, তাই যদি দ্বিতীয়বারও ছেলে হয়, তবে তাঁরা আবার চেষ্টা করবেন। এমনকি তৃতীয়বারও ছেলে হলে হার্ষ নাকি আবার চেষ্টা করতে রাজি। রসিকতার সুরে ভারতী বলেন, “মানে, যতদিন আমি বেঁচে থাকব, ততদিনই নাকি আমাদের এই প্ল্যান চলবে।”
হার্ষও সেই কথায় সায় দিয়ে বলেন, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, প্রথমে তাঁরা ভেবেছিলেন আর সন্তান নেবেন না। কিন্তু যদি দ্বিতীয় সন্তানও ছেলে হয়, তাহলে তাঁর ইচ্ছে অবশ্যই একটি কন্যাসন্তান হওয়ার।
উল্লেখ্য, ২০১৭ সালে হিন্দু রীতিতে বিয়ে করেন ভারতী সিং ও হার্ষ লিম্বাচিয়া। ২০২২ সালের ৩ এপ্রিল তাঁদের প্রথম সন্তান পুত্র লক্ষ্মের জন্ম হয়, যাকে আদর করে ‘গোল্লা’ নামে ডাকেন তাঁরা। চলতি বছরের অক্টোবর মাসে ইনস্টাগ্রামে একটি ছবির মাধ্যমে ভারতী ও হার্ষ দ্বিতীয়বার গর্ভাবস্থার খবর জানান। পাহাড়ঘেরা প্রেক্ষাপটে তোলা সেই ছবিতে ভারতীর বেবি বাম্পে হাত রেখে দেখা যায় হার্ষকে। ক্যাপশনে তাঁরা লেখেন, “We are pregnant again”
কাজের দিক থেকে বর্তমানে ভারতী সিং ‘লাফটার শেফস’-এর তৃতীয় সিজনের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন। এই কুকিং শো-তে অংশ নিচ্ছেন অলি গনি, এলভিশ যাদব, করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, অভিষেক কুমার, কৃষ্ণা অভিষেক, জান্নাত জুবায়ের, গুরমিত চৌধুরী, দেবিনা বনার্জি, ভিভিয়ান ডিসেনা-সহ একাধিক পরিচিত মুখ।
অন্যদিকে, হার্ষ লিম্বাচিয়া বর্তমানে সঞ্চালনা করছেন ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’-এর ১১তম সিজন। এই শো-তে বিচারকের ভূমিকায় রয়েছেন নভজ্যোত সিং সিধু, শিল্পা শেট্টি এবং শান। অনুষ্ঠানটি স্ট্রিম করা যাচ্ছে SonyLIV-এ।