ঐশ্বর্যার সঙ্গে বিচ্ছেদের জল্পনা নিয়ে কী বললেন অভিনেতা?

ঐশ্বর্যা ও অভিষেক
শেষ আপডেট: 13 December 2025 19:10
দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বচ্চন–ঐশ্বর্যা রাই বচ্চনের ডিভোর্সের গুঞ্জন বহু দিন ধরেই বলিউডে চর্চার কেন্দ্রবিন্দু। ২০২৪ সালের জুলাইয়ে অনন্ত আম্বানির বিয়েতে দু’জনকে আলাদাভাবে উপস্থিত হতে দেখা মাত্রই সেই গুঞ্জন আরও জোরালো হয়। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিচ্ছেদের নানান জল্পনা। যদিও অভিষেক–ঐশ্বর্যা বা বচ্চন পরিবারের কেউই এত দিন এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে এবার এই সব কিছু নিয়ে মুখ খুললেন অভিষেক। জানিয়ে দিলেন, এই সব খবরের কোনও ভিত্তি নেই, সবটাই মিথ্যা।
‘পিপিং মুন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, একজন পাবলিক ফিগার হলে মানুষের অনুমান চলতেই থাকে। কিন্তু তাঁদের দাম্পত্য নিয়ে যা লেখা হচ্ছে, তা “সম্পূর্ণ বাজে কথা”। তাঁর কথায়, “এর কোনও সত্যতা নেই। ভুল তথ্য ইচ্ছে করেই ছড়ানো হচ্ছে, কেবল কষ্ট দেওয়ার জন্য।”
অভিষেক আরও বলেন, এই জল্পনার ধারা নতুন নয়। “বিয়ের আগে আমাদের বিয়ের তারিখ ঠিক করছিল। বিয়ের পর এখন ঠিক করছে—কবে আমাদের বিচ্ছেদ হবে! এগুলো সবই বাজে কথা। ও (ঐশ্বর্যা) আমার সত্যিটা জানে, আমি ওরটা জানি। আমরা এমন একটা পরিবারের কাছে ফিরি, যারা ভালোবাসায় ভরা এবং মাটিতে পা রেখে বাঁচে, এটাই আসল।”
এই ধরনের গুজব তাঁকে বিরক্ত করে কি না—এ প্রশ্নে তাঁর জবাব সোজাসাপ্টা। “একদমই না। যদি একটুকরোও সত্য থাকত, তবে হয়তো প্রভাব পড়ত। কিন্তু যেহেতু সত্যি নেই, তাই আমাকে আমার উপর কোনও প্রভাব পড়ে না। তবে আমার বা আমার পরিবারকে নিয়ে বানানো মিথ্যা গল্প আমি সহ্য করব না।”
গত বছর থেকেই অভিষেক-ঐশ্বর্যার দাম্পত্যে ফাটলের জল্পনা সোশ্যাল মিডিয়া ও গসিপ কলামে ঘুরছে। বিশেষ করে এক হাই-প্রোফাইল বিয়েতে দু’জনকে আলাদা আলাদা করে প্রবেশ করতে দেখার পরেই গুজব জোরদার হয়। পরে ‘গ্রে ডিভোর্স’ অর্থাৎ ৫০ বা তার বেশি বয়সী দম্পতিদের বিচ্ছেদের প্রবণতা নিয়ে একটি পোস্টে অভিষেকের ‘লাইক’ সেই আগুনে ঘি ঢালে। তবে সাম্প্রতিক এই দম্পতি বারবার একসঙ্গে জনসমক্ষে হাজির হয়ে সেই জল্পনাকে কার্যত নস্যাৎ করেছেন।