আপাতত মানসী তাঁর পরিবার নিয়ে ভালয় ভালয় ফিরে আসুন, এটাই চাইছেন তাঁর অনুরাগী, সোশ্যাল মিডিয়ায় তাঁর ভ্লগের ফলোয়াররা।

মানসী সেনগুপ্ত, সঙ্গে সন্তানরা
শেষ আপডেট: 6 October 2025 00:22
দ্য ওয়াল ব্যুরো: 'ফোনে চার্জ নেই, কাল থেকে পাওয়ার কাট। জানি না কখন কারেন্ট আসবে। গাড়ি স্টার্ট করে চার্জ দিতে হচ্ছে,' উদ্বিগ্ন মানসীর গলা। সঙ্গে মেয়ে আর ৬ মাসের ছোট্ট ছেলেটা। উত্তরবঙ্গে (North Bengal flood) পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন টেলি অভিনেত্রী মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)।
প্রথমে দার্জিলিঙে (Darjeeling) ছিলেন মানসীরা। অফবিট লোকেশন হিসেবে তিনচুলে, তাকদার প্ল্যান ছিল। আরও দু'তিন দিন থাকার কথা ছিল।

মানসী হোয়াটসঅ্যাপ ভয়েস নোটে জানান, 'দার্জিলিং থেকে তিনচুলে যাওয়ার সময় বৃষ্টি নামে। তিনচুলে আর পৌঁছনো হয়নি। কার্শিয়াংয়েই রয়ে গেছিলাম। আমার জীবনে এরকম বৃষ্টি আমি দেখিনি। এত বাজ পড়ছিল! দার্জিলিং থেকে কার্শিয়াং আসার মেইন পাকা রাস্তাটা চোখের সামনে ধসে গেল।'
পরদিন সকালে বৃষ্টি একটু ধরতে তাকদার দিকে আসার চেষ্টা করছিলেন, কারণ ওখানে তাঁদের বুকিং ছিল। ওখানেই আমাদের চোখের সামনে ধস নামতে দেখলেন। ভয় তো হয়ই।
মানসীর কথা, 'একটা জায়গা কোনওমতে পরিষ্কার করা হল। বেরিয়েছি সকাল ৮টা। পৌঁছলাম সন্ধে ৬টা। ৬ মাসে ছেলেটাকে নিয়ে পুরো গাড়িতেই। আমাদের গাড়িটাও যেখানে দাঁড়িয়ে ছিল, সেই জায়গাটাও তো সেফ নয়, যেকোনও সময় কিছু ঘটতে পারে।'
মানসী সোশ্যাল মিডিয়ায় ভ্লগও করেন। তাই প্রথমে ভিডিও করছিলেন, বুঝতে সময় লাগে কী হয়েছে আসলে। জানান, 'প্রথমে স্বাভাবিক ছিলাম, বুঝতে পারিনি এরকম ভয়ংকর পরিস্থিতি হয়েছে। চারপাশে দোকান তো দূর, কিচ্ছু নেই। প্রতিটা মুহূর্ত গুনছি, আমরা যেখানে আছি সেখানে যেন কিছু না হয়।'
টানা প্রায় ৯ থেকে ১০ ঘণ্টা গাড়িতে আটকে, খাওয়া দাওয়া নেই। ছোট ছেলেকে তাও কোনওরকমে দুধ গুলে খাইয়েছেন। নিজেদের একরকম উপোস। তারপর সন্ধেবেলা যেখানে পৌঁছলেন, জানতে পারলেন বাজ পড়ে ট্রান্সফরমার উড়ে গেছে।
অভিনেত্রীর কথায়, 'যেখানে যাওয়ার ছিল, পৌঁছতে পারিনি। আপাতত এক জায়গায় উঠেছি। জানি না কারেন্ট কখন আসবে।'
আপাতত মানসী তাঁর পরিবার নিয়ে ভালয় ভালয় ফিরে আসুন, এটাই চাইছেন তাঁর অনুরাগী, সোশ্যাল মিডিয়ায় তাঁর ভ্লগের ফলোয়াররা।