বেশ কিছু বাংলার সিনেমাহল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন হলমালিকরা। যার ফলে টলিপাড়ার সিনেমা বন্টন নিয়ে প্রশ্ন ওঠে হাজার। আর সেই পরিস্থিতিতেই একটি পোস্ট করে বসেন পরিচালক রানা সরকার। যার তীব্র নিন্দা করল বাংলার স্ক্রিনিং কমিটি।

শেষ আপডেট: 11 March 2026 20:10
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি বাংলা ছবির মুক্তি ঘিরে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে টলিপাড়ার অন্দরমহলে। সারা বছর ধরে কেন ছবির মুক্তি নেই? কেনই বা বিশেষ দিন ছাড়া বাংলা ছবি মুক্তি পাচ্ছে না? এমনই পরিস্থিতির মুখে পড়ে, বেশ কিছু বাংলার সিনেমাহল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন হলমালিকরা। যার ফলে টলিপাড়ার সিনেমা বন্টন নিয়ে প্রশ্ন ওঠে হাজার। আর সেই পরিস্থিতিতেই একটি পোস্ট করে বসেন পরিচালক রানা সরকার। যার তীব্র নিন্দা করল বাংলার স্ক্রিনিং কমিটি।
কী লেখা ছিল সেই পোস্টে?
শেষ চার সপ্তাহে কোন হিন্দি সিনেমা বাংলার সিনেমা হলে ভাল ব্যবসা করেছে? শুধু বাংলা সিনেমাকে দোষ দিয়ে কার লাভ হচ্ছে? রমজাম বা পরীক্ষার মরসুমে কোন সিনেমা চলে? রাজ্য সরকারের নোটিফিকেশনকে দোষারোপ করা উদ্দেশ্যমূলক... হল বন্ধ রাখা কারও ব্যক্তিগত ব্যবসায়িক সিদ্ধান্ত হতেই পারে, তার জন্য বাংলা সিনেমাকে দোষারোপ করা অর্থহীন। এর পিছনে কে আছে? ভোটের আগে রাজনৈতিক ষড়যন্ত্র?
বুধবার সন্ধ্যায় স্ক্রিনিং কমিটির বৈঠকে কথা প্রসঙ্গে উঠে এল রানা সরকারের করা এই পোস্ট। যে পোস্টের তীব্র নিন্দা করে ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত বলেন, একটা বিষয় আমরা ধিক্কার জানিয়েছি। কারও উদ্দেশ্য নয় প্রেক্ষাগৃহ বন্ধ রাখা। তারা তখনই বন্ধ রাখেন, যখন তাঁরা বাধ্য হন। এমন বিপদের দিনে রানা সরকার একটি পোস্ট করেছিলেন। আমার প্রশ্ন যাঁরা খেতে পাচ্ছেন না, তাঁরা রাজনীতি করতে যাবেন? এই বিষয়টা যখন আজ আমাদের প্রদর্শকেরা জানিয়েছেন, আমরা ধিক্কার জানাচ্ছি। আমি আশা করিনি, একজন স্ক্রিনিং কমিটির সদস্য হিসেবে উনি এটা করবেন।
রানা সরকার বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। রাজনৈতির-অরাজনৈতিক, বহু ক্ষেত্রেই তিনি নিজের মত ব্যক্ত করে থাকেন। ফলে স্ক্রিনিং কমিটির মন্তব্য তাঁর কান পর্যন্ত পৌঁছতে খুব বেশি সময় নিল না। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় আবারও হাজির হলেন তিনি। পাল্টা প্রশ্ন তুললেন এক গুচ্ছ।
কী লিখলেন রানা সরকার?
স্ক্রিনিং কমিটির প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও পিয়া সেনগুপ্ত সাম্প্রতিক অতীতে যা যা পক্ষপাতিত্ব করেছেন সেটাকেও কি তীব্র ধিক্কার জানাবো নাকি এড়িয়ে যাব? যেভাবে দেব-কে অপমান করা হয়েছে খুলে বলবো? নাকি এড়িয়ে যাব? যেভাবে নিজের ছেলের সিনেমা চালানোর জন্য সিনেমা হল মালিকদের থ্রেট করেছেন সেটা বলবো? নাকি এড়িয়ে যাব? স্ক্রিনিং কমিটির ভেতরের কথা বাইরে প্রকাশ করে দিচ্ছে তার দায় স্ক্রিনিং কমিটির প্রেসিডেন্টের সেটাকে কি ধিক্কার জানাব না এড়িয়ে যাব?
এখন দেখার সিনেপাড়ার অন্দমহলের এই বচসার জল কতূদর গড়ায়? ছবি মুক্তির ক্ষেত্রেই বা কতটা সমাধান সূত্রে খুঁজে বার করা সম্ভবপর হয়। উত্তর দেবে সময়।