আদালত সূত্রে খবর, নুসরত ফারিয়াকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ।
_0.jpg.webp)
নুসরত ফারিয়া (ছবি-গুগল)
শেষ আপডেট: 19 May 2025 15:06
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অভিনেত্রী নুসরত ফারিয়াকে (Nusrat Faria) জেলা হেফাজতের নির্দেশ দিল আদালত। খুনের চেষ্টার অভিযোগে রবিবার ঢাকা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ।
জানা গিয়েছে, সোমবার সকালেই ধৃত অভিনেত্রীকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পেশ করা হয়েছিল। শুনানি শেষে পরবর্তী তদন্তের জন্য তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়। আদালত সূত্রে খবর, নুসরত ফারিয়াকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে অভিনেত্রীকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
রবিবার থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন নুসরত ফারিয়া (Nusrat Faria)। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয়। প্রথমে তাঁকে ভাটারা থানার হাতে হস্তান্তর করা হয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানেই তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। নুসরত ফারিয়ার এই খবর নিশ্চিত করেছিলেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।
সূত্রে খবর, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নুসরতের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে। গত এপ্রিল মাসে ঢাকার ভাটারা থানায় অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল বলেও জানা গিয়েছে।
গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ (Bangladesh)। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। এরপর মহম্মদ ইউনূসের নেতৃত্বে ওপার বাংলায় অন্তর্বর্তী সরকার গঠন হয়। নুসরতের গ্রেফতারিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিশোধমূলক পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। তাঁদের দাবি, আওয়ামি লিগের সঙ্গে যেসকল তারকাদের সুসম্পর্ক, তাঁদের উপরই ইউনূস সরকারের খাঁড়া পড়ছে। কয়েকদিন আগেই সঙ্গীতশিল্পী তথা আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছিল। এবার সেই তালিকায় নাম জুরল নুসরত ফারিয়ার।
বাংলাদেশের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন নুসরত ফারিয়া (Nusrat Faria)। ২০১৫ সালে 'আশিকী' ছবির হাত ধরে অভিনয় জীবন শুরু তাঁর। টলিউডেও একাধিক কাজ করেছেন তিনি। অঙ্কুশ, জিতের মত সুপারস্টারদের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন নুসরত। প্রয়াত পরিচালক শ্যাম বেনেগাল (Shyam Benegal) পরিচালিত 'মুজিব: একটি জাতির রূপকার' ছবিতে শেখ হাসিনার চরিত্রে দেখা গিয়েছিল নুসরতকে। তাঁর অভিনয় নিয়েই সেইসময় তুমুল আলোচনা হয়েছিল।