
জ্যোতি মালহোত্রা (বাঁদিকে), নবাঙ্কুর চৌধুরি (মাঝে) ও প্রিয়ঙ্কা সেনাপতি।
শেষ আপডেট: 19 May 2025 12:11
দ্য ওয়াল ব্যুরো: সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে অপারেশন সিঁদুরের পর থেকে দেশের ভিতরে কাজ করা পাকিস্তানি চরদের ধরপাকড় শুরু হয়েছে। প্রায় প্রতিদিনই এক-দুজনে চর সন্দেহে গ্রেফতার করছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। যার মধ্যে উল্লেখযোগ্য হল প্রখ্যাত ইউটিউবার জ্যোতি মালহোত্রা। সাম্প্রতিক তদন্তে যার সঙ্গে কলকাতা তথা বাংলার যোগাযোগও জানতে পারা গিয়েছে। এই জ্যোতির সঙ্গে যোগাযোগ ছিল আরেক ইউটিউবার যার নাম যাত্রী ডক্টর বা নবাঙ্কুর চৌধুরি।
নবাঙ্কুর আদতে ডাক্তার। কিন্তু, ইউটিউবার হওয়ার নেশায় ডাক্তারি পেশার পাশাপাশি এই কাজও করে থাকেন। তিনি পাকিস্তানি চরবৃত্তির অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন। গতকাল, রবিবার রাতে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, তা পুরোপুরি ভুয়ো। তিনি কোনওদিনই পাক চরবৃত্তি করেননি।
নবাঙ্কুর ও জ্যোতি মালহোত্রা হলেন বন্ধু। তাই জ্যোতির গ্রেফতারির পরই নবাঙ্কুরকে নিয়েও সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছে। পাক হাইকমিশনের এক পার্টিতে দুজনকে একসঙ্গে দেখাও গিয়েছে। সেখানে ভিডিওতে তিনি ভারতের সীমান্তরক্ষী বাহিনীর নিন্দা করেন এবং ভারতের ভুল মানচিত্র দেখিয়েছিলেন।
ইনস্টাগ্রামে চৌধুরির ফলোয়ারের সংখ্যা সাড়ে ৬ লাখ। তিনি বলেছেন, তিনি পাকিস্তানে একবারই গিয়েছিলেন। যাত্রী ডক্টর আরও বলেন, ১৯৭টি দেশ ভ্রমণের অভিযানের অন্তর্গত ছিল তাঁর সেই পাকিস্তান যাত্রা। তিনি আরও বলেছেন, ভারত তাঁর দেশ বলে গর্বিত বোধ করেন। তাঁর অনেক আত্মীয় সেনাবাহিনীতে কাজ করেন।
নবাঙ্কুরের সঙ্গেই জ্যোতির কলকাতার যোগসূত্র পেলেন তদন্তকারীরা। জানা গিয়েছে, কয়েক মাস আগে জ্যোতি কলকাতায় এসেছিল। তদন্তে নেমে হরিয়ানা পুলিশ ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। এই বিষয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ আধিকারিক জানান, জ্যোতির কলকাতায় আসার খবরটি আমাদের কাছে রয়েছে। আমরা খতিয়ে দেখছি৷
জ্যোতি কলকাতায় এসে বিভিন্ন জনবহুল এলাকার ভিডিও সংগ্রহ করেছিলেন। এরমধ্যে শিয়ালদহ থেকে চলন্ত ট্রেনের একটি ভিডিও করেছিলেন। পাশাপাশি, বারাকপুরে একটি প্রসিদ্ধ বিরিয়ানির দোকানে গিয়ে সেখানেও রিল বানিয়েছিলেন। প্রসঙ্গত, বারাকপুরের একাধিক এলাকা রাজ্য পুলিশ এবং ভারতীয় সেনার। এছাড়াও সেখানে রয়েছে ভারতীয় বায়ুসেনার ঘাঁটি।
রাজ্য গোয়েন্দা সূত্র জানিয়েছে, হুগলির শেওড়াফুলির একটি বাড়িতে বিয়ের নিমন্ত্রণে যোগ দিয়েছিলেন জ্যোতি৷ কয়েক মাস আগে শিলিগুড়িতেও গিয়েছিলেন।
ঘটনাচক্রে, এই মহিলা ইউটিউবার যেখানে যেখানে গিয়েছিলেন, সেখানেই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর যোগ। আইবির তরফে খবর, ভ্রমণ সংক্রান্ত এক ওড়িয়া মহিলা ইউটিউবার প্রিয়ঙ্কা সেনাপতিকে সঙ্গে নিয়ে কয়েক মাস আগে পুরীর জগন্নাথ ধামে গিয়েছিলেন জ্যোতি৷ কোনারক মন্দির-সহ একাধিক মন্দিরে ভিডিয়ো করেছিলেন জ্যোতি। প্রিয়ঙ্কা তিন-চার মাস আগে পাকিস্তানের কর্তারপুরে গিয়েছিলেন। সেখানেই দুজনের বন্ধুত্ব শুরু হয়। নবাঙ্কুরের মতো প্রিয়ঙ্কাও জ্যোতির সঙ্গে স্রেফ ইউটিউবার সূত্রে বন্ধুত্বের কথা বলেন। কিন্তু, সে পাকিস্তানের চরবৃত্তি করত জানলে, যোগাযোগই রাখতাম না, বলেছেন প্রিয়ঙ্কা।