
অপারেশন সিঁদুরের পর অমৃতসরের স্বর্ণমন্দির ধ্বংসের চেষ্টা করে পাক বাহিনী।
শেষ আপডেট: 19 May 2025 11:07
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে পাঞ্জাবের অমৃতসরের প্রখ্যাত স্বর্ণমন্দির ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। কিন্তু, সেনার ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিধ্বংসী কামান তার প্রত্যেকটিকে নিষ্ক্রিয় করেছে। সোমবার একথা জানান, ১৫ ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রী। এর আগেই ভারতীয় সেনাবাহিনী জানিয়েছিল, অপারেশন সিঁদুরের পর পাক বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র দেশের অসামরিক এলাকা এবং ধর্মীয় স্থানগুলিকে লক্ষ্য করে চালানো হয়েছিল। যার মধ্যে শিখদের সর্বোচ্চ ধর্মস্থান স্বর্ণমন্দিরও ছিল।
মেজর জেনারেল বলেন, আমরা জানতাম পাকিস্তানি বাহিনীর হামলার কোনও ন্যায়নীতি বোধ নেই। ওরা সামরিক, অসামরিক এমনকী ধর্মস্থানেও হামলা চালাতে পারে। সে কারণে শিখ তীর্থ স্বর্ণমন্দিরকে ওরা লক্ষ্যবস্তু করতে পারে, এমন অনুমান আমাদের ছিল। তাই আমরা একেবারে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম স্বর্ণমন্দিরকে রক্ষা করতে মোতায়েন করে রেখেছিলাম।
শেষাদ্রী আরও বলেন, গত ৮ মে পাকিস্তান স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে একের পর এক হানাদারি চালায়। যার মধ্যে ছিল ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। তিনি জানান, কিন্তু, আমাদের আগাম অনুমান থাকায় আমরাও সম্পূর্ণ তৈরি ছিলাম। আমাদের সাহসী ও সজাগ সেনাবাহিনীর বন্দুকবাজরা পাকিস্তানের শয়তানি চক্রান্ত ভেস্তে দিতে সক্ষম হন।
তিনি জানান, স্বর্ণমন্দিরকে ধ্বংস করতে যতগুলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছাড়া হয়েছিল, তার প্রত্যেকটিকে অকেজো করে দেওয়া হয়। যার ফলে পবিত্র স্বর্ণমন্দিরের গায়ে একটি আঁচড়ও লাগতে দেয়নি আমাদের বাহিনী। এদিনই সেনা এয়ার ডিফেন্স সিস্টেমের নমুনার ছবি প্রকাশ করে। এর মধ্যে আকাশ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা, এল-৭০ এয়ার ডিফেন্স গান কীভাবে স্বর্ণমন্দির ও পাঞ্জাবের একটার পর একটা শহর রক্ষা করেছিল তা দেখানো হয়।