সারেগামাপা-খ্যাত বাংলাদেশের গায়ক মইনুল আহসান নোবেল প্রতারণার মামলায় গ্রেফতার হওয়ার একদিনের মধ্যেই জামিন পেয়েছেন।

শেষ আপডেট: 25 February 2026 13:19
দ্য ওয়াল ব্যুরো: সারেগামাপা-খ্যাত বাংলাদেশের গায়ক মইনুল আহসান নোবেল প্রতারণার মামলায় গ্রেফতার হওয়ার একদিনের মধ্যেই জামিন পেয়েছেন। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ আপোসের শর্তে তাঁর জামিন মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। (Bangladesh Singer, Noble )
এর আগে সোমবার তাঁকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে প্রথম আলো। অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর কাছ থেকে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আটক করে।
মামলার নথি অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামে এক নারী গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, নোবেল তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিয়ের আশ্বাস দিয়ে ধাপে ধাপে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন। অভিযোগ রয়েছে, এই প্রতারণার কাজে অন্য আসামিরাও তাঁকে সহযোগিতা করেছেন।
এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-কে। তদন্ত শেষে গত ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান আদালতে প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানান। এর ভিত্তিতে ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
পরবর্তীতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ-এর সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মামলায় নোবেল ছাড়াও তাঁর মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানাকে আসামি করা হয়েছে।
জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নোবেল। তিনি বলেন, “আমার দর্শক-শ্রোতারা আমাকে ভালো করে বোঝে। আমি একটু হালকা পাগলা পাগলা আছি। মানুষ মাত্রই ভুল করে। আমারও ভুল হয়েছে। আবারও হইতে পারে।” তিনি আরও বলেন, তাঁর ভক্তরা তাঁকে ক্ষমা করে দেবেন বলে তিনি বিশ্বাস করেন।
সংবাদমাধ্যমের অনুরোধে আদালত চত্বরে তিনি তাঁর জনপ্রিয় গান ‘মেহেরবান’ গেয়ে শোনান। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তাঁর গানের প্রশংসা করেছেন, আবার কেউ পরিস্থিতির প্রেক্ষিতে তাঁর আচরণের সমালোচনা করেছেন।
উল্লেখ্য, এর আগেও নারী সংক্রান্ত অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন নোবেল। তাঁর একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়েও আলোচনা হয়েছে। প্রাক্তন স্ত্রীরা তাঁর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন। ফলে সাম্প্রতিক গ্রেফতার ও দ্রুত জামিনের ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।