২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বজরঙ্গি ভাইজান’ ছিল সলমন খানের কেরিয়ারের অন্যতম ব্লকবাস্টার ছবি। এমনকি সেটাই ছিল দ্বিতীয় হিন্দি ছবি, যা বক্স অফিসে সবচেয়ে বেশি টাকা কামিয়েছিল।

‘বজরঙ্গি ভাইজান’
শেষ আপডেট: 13 June 2025 17:20
দ্য ওয়াল ব্যুরো: ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বজরঙ্গি ভাইজান’ ছিল সলমন খানের কেরিয়ারের অন্যতম ব্লকবাস্টার ছবি। এমনকি সেটাই ছিল দ্বিতীয় হিন্দি ছবি, যা বক্স অফিসে সবচেয়ে বেশি টাকা কামিয়েছিল। কিন্তু জানেন কি, এই ছবির প্রস্তাব প্রথমে গিয়েছিল আমির খানের কাছে?
সম্প্রতি ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য নিজেই জানিয়েছেন আমির খান। তাঁর কথায়, “প্রথমে ছবিটির চিত্রনাট্য আমার কাছেই এসেছিল। কিন্তু আমি তখনই বুঝেছিলাম—এই চরিত্রের জন্য সলমনই সেরা পছন্দ। আমিই ওকে এই ছবি করার পরামর্শ দিই।”
বাকিটা তো ইতিহাস। ‘বজরঙ্গি ভাইজান’-এ মনের সমস্ত আবেগ উজাড় করে দেওয়া এক ভিন্ন মেজাজের সলমনকে দেখেছিল দর্শক। বক্স অফিসে ছবিটি ধামাকা করে দেয়। sacnilk-এর রিপোর্ট অনুযায়ী, ভারতে এই ছবি আয় করেছিল ৩২০.৩৪ কোটি টাকা। বিশ্বজুড়ে এর আয় দাঁড়ায় ৯২২.০৩ কোটি টাকায়।
কবির খানের পরিচালনায় এই ছবিতে সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন করিনা কাপুর খান। তাঁদের সঙ্গে ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ও ছোট্ট হর্ষালি মালহোত্রা, যাঁর অভিনয়ে দর্শকের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। আজও IMDb-তে এই ছবির রেটিং ৮.১। যারা এখনও ছবিটি দেখেননি বা আবার দেখতে চান, তারা JioCinema এবং Netflix-এ স্ট্রিম করতে পারেন এই আইকনিক ছবিটি।