‘সিতারে জামিন পর’ নিয়ে এখন ব্যস্ত আমির খান। ২০ জুন মুক্তি পাচ্ছে তাঁর এই বহু প্রতীক্ষিত ছবি। তবে এই ব্যস্ততার মধ্যেই আরেকটা হেডলাইন তৈরি করে ফেললেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। সামনে এল নতুন চমক—রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি!

‘কুলি’ ছবিতে থাকছেন আমিরও
শেষ আপডেট: 13 June 2025 16:14
দ্য ওয়াল ব্যুরো: ‘সিতারে জামিন পর’ নিয়ে এখন ব্যস্ত আমির খান। ২০ জুন মুক্তি পাচ্ছে তাঁর এই বহু প্রতীক্ষিত ছবি। তবে এই ব্যস্ততার মধ্যেই আরেকটা হেডলাইন তৈরি করে ফেললেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। সামনে এল নতুন চমক—রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি!
না, ‘কুলি’ ছবিতে প্রধান চরিত্রে নয়। লোকেশ কানাগরাজ পরিচালিত এই ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে আমির খানকে। তবে প্রশ্ন উঠছে, এমন ছোট চরিত্রে কাজ করতে কেন রাজি হলেন তিনি?
জবাব দিলেন আমির নিজেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে জানালেন, “আমি রজনী স্যারের অনেক বড় ভক্ত। ওঁকে ভীষণ ভালবাসি। আমি স্ক্রিপ্টও শুনিনি। শুধু জানতাম ওঁর সঙ্গে কাজ করব—এইটুকুই যথেষ্ট ছিল আমার জন্য।”
‘কুলি’ ইতিমধ্যেই তামিল ইন্ডাস্ট্রিতে হাই বাজড থ্রিলার হিসেবে চর্চায়। রজনীকান্তের পাশাপাশি ছবিতে রয়েছেন সৌবিন শাহির, নাগার্জুন, শ্রুতি হাসান, রেবা মনিকা জন, জুনিয়র এমজিআর, মনিশা ব্লেসি, সত্যরাজ ও উপেন্দ্র। সান পিকচার্স প্রযোজিত এই ছবির সংগীত পরিচালনায় অনিরুদ্ধ রবিচন্দর, ক্যামেরায় গিরিশ গঙ্গাধরন এবং সম্পাদনায় ফিলোমিন রাজ। মুক্তির দিন লক—১৪ আগস্ট, ২০২৫।
অন্যদিকে, আমিরের আসন্ন ছবি ‘সিতারে জামিন পর’ নিয়েও চলছে বিতর্ক। অনেকে ছবিটির ট্রেলার দেখেই একে তুলনা করেছেন হলিউড ছবি ‘চ্যাম্পিয়নস’-এর সঙ্গে। তাতে বিতর্ক বাড়লেও, ছবি ও নিজের অভিনয় নিয়ে আত্মবিশ্বাসী আমির। তিনি আগেই জানিয়ে দিয়েছেন, এই ছবি ওটিটিতে নয়, শুধুমাত্র হলে দেখা যাবে।