“মুখ্য চরিত্র না দিলে আর ফিরছি না!”—৩০০-র বেশি ছবির অভিজ্ঞ অভিনেতা আশিস বিদ্যর্থীর স্পষ্ট বার্তা।

আশিস বিদ্যর্থী
শেষ আপডেট: 8 August 2025 12:19
দ্য ওয়াল ব্যুরো: কেন দীর্ঘদিন ধরে বলিউডের অভিনেতা আশিস বিদ্যার্থী কোনও সিনেমা করছেন না? এই প্রশ্ন উঠেছে বহুবার। কিন্তু কখনওই অভিনেতাকে এই নিয়ে কিছু বলতে দেখা যায়নি। এবার তার এই অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করলেন নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায়। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এখন থেকে তিনি শুধুমাত্র মুখ্য চরিত্রেই অভিনয় করতে চান – না হলে আর পর্দায় ফিরবেন না।
দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে ১১টি ভাষায় ৩০০-রও বেশি ছবিতে অভিনয় করেছেন আশিস বিদ্যার্থী। ‘দ্রোহকাল’, ‘বাস্তব’ কিংবা ‘হায়দার’-এর মতো ছবিতে নেগেটিভ চরিত্রে তার অভিনয় প্রশংসিত হলেও, কখনও প্রধান চরিত্রে দেখা যায়নি তাকে। এ নিয়ে এবার নিজের মনের কথা খোলামেলা ভাবে তুলে ধরলেন তিনি।
“এই অভিনেতা এখনও বেঁচে আছে” – আশিস বোঝাতে চাইলেন যে, অভিনয়ের প্রতি তার আগ্রহ এখনও অটুট, কিন্তু একই ধাঁচের চরিত্রে আর ফিরতে চান না। তিনি বলেন, “আমি জানি অনেকে জানতে চাইছেন, কেন আমি এখন আর বেশি ছবিতে দেখা যাচ্ছি না। সত্যি বলতে, আমি একজন ভাল অভিনেতা, কিন্তু আমি এখন এমন চরিত্রের জন্য অপেক্ষা করছি, যেগুলো আগে পাইনি – মুখ্য চরিত্র।”
ভিডিওতে আশিস জানান, তিনি এখনো নির্মাতা, প্রযোজক ও কাস্টিং ডিরেক্টরদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার কথায়, “আগে পাইনি মানে এই না যে, এখনও পাবো না। আমি এমন চরিত্রের জন্য প্রস্তুত, যেখানে আমার অভিনয় দিয়ে গল্প টানব।”
তিনি আরও বলেন, “আমি শুধু বসে থাকিনি। আমি মোটিভেশনাল স্পিকিং শুরু করেছি, যা আমাকে ও অন্যদের উৎসাহ দেয়। শুধু একটা পেশায় ভরসা করলেই চলে না। তাই আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি।” এমনকি তিনি ‘Sit Down Ashish’ নামে একটি পারিবারিক কমেডি শো তৈরিও করেছেন। সেখানে নেই কোনও অশালীন ভাষা বা ইঙ্গিত – বরং সবার জন্য উপভোগ্য এক অনুষ্ঠান।
ভিডিওর শেষে আশ্বাস দিয়ে বলেন, “যেই মুহূর্তে উপযুক্ত চরিত্র আসবে, আমি আবার ফিরব। এই অভিনেতা এখনও হারিয়ে যায়নি।”