মহারাষ্ট্র ফিল্ম অ্যাওয়ার্ডসের মঞ্চে সম্মান পেলেন কাজল, তবে তাঁর এক মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হল হিন্দি ভাষা বিতর্ক। কী বললেন কাজল? দেখুন এই প্রতিবেদনেই।

কাজল
শেষ আপডেট: 7 August 2025 19:52
দ্য ওয়াল ব্যুরো: একদিকে জাতীয় সম্মান, অন্যদিকে মা-মেয়ের খুনসুটিতে ভরা এক হৃদয়স্পর্শী মুহূর্ত, মহারাষ্ট্র স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডস ২০২৫-এ দেখা গেল বলিউড তারকা কাজলের এক অন্যরকম রূপ। ‘রাজ কাপুর’ পুরস্কার তুলে দেওয়া হল তাঁকে, ভারতীয় সিনেমায় অবদানের জন্য। এই পুরস্কার এর আগে পেয়েছিলেন তাঁর মা, বর্ষীয়ান অভিনেত্রী তনুজাও।
পুরস্কারপ্রাপ্তির সেই আবেগঘন সন্ধ্যায় একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, তনুজার পাশে বসে রয়েছেন কাজল ও অনুপম খের। হঠাৎ কাজল মায়ের দিকে ঘুরে বলেন, “একটা জোরে হুইসেল দাও তো!” প্রথমে একটু ইতস্তত করলেও শেষমেশ হুইসেল দিয়ে ওঠেন তনুজা। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন অনুপম ও কাজল। মুহূর্তে গ্যালারিতে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।
এই ভিডিও শেয়ার করে অনুপম খের লেখেন, “তনুজা জি কেবল একজন দুর্দান্ত অভিনেত্রী নন, তিনিই হলেন হিন্দি সিনেমার ‘ওজি কুলেস্ট’ হিরোইন। তিনি মঞ্চে আমার সঙ্গে হুইসেল দিলেন এক কিশোরীর মতো! জীবনের প্রতি এমন উদ্দাম মনোভাব সত্যিই অনুপ্রেরণা।”
তবে আনন্দের রেশ কাটতে না কাটতেই এক বিতর্কে জড়ালেন কাজল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। সেসময় এক রিপোর্টার তাঁকে অনুরোধ করেন তাঁর বক্তব্যটি হিন্দিতে বলার জন্য। এর উত্তরে ক্ষুব্ধ কাজল বলেন, “আব আবার হিন্দি মেঁ বলুঁ? যার বুঝতে হবে, সে বুঝে নেবে।”
এই মন্তব্য ঘিরে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখছেন, “তা হলে হিন্দি সিনেমায় অভিনয় করেন কেন?” কেউ বা বলছেন, “তাঁর উচিত শুধু মারাঠি সিনেমাই করা।”