অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী।

অরিজিৎ সিং, পঙ্কজ ত্রিপাঠী
শেষ আপডেট: 7 February 2026 11:49
দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরুতেই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে সংগীতপ্রেমীদের চমকে দিয়েছিলেন অরিজিৎ সিং (Arijit Singh)। কেরিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে কেন এমন সিদ্ধান্ত নিলেন মুর্শিদাবাদের এই গায়ক, তা নিয়ে আলোচনা এখনও থামেনি। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বলিউডের শক্তিশালী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। অরিজিতের সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করে তিনি বলেন, শিল্পী কখনওই কারখানায় তৈরি কোনও পণ্যের মতো নন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী বলেন, একজন শিল্পীর পক্ষে মাঝেমধ্যে থেমে দাঁড়ানো বা গতি কমানো অত্যন্ত জরুরি। তাঁর কথায়, “সৃজনশীল কাজ ভীষণ পরিশ্রমের। নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্য বিরতি দরকার। আমরা কারখানায় তৈরি কোনও পণ্য নই।”
অভিনেতার মতে, শিল্পীরা প্রতিনিয়ত নিজেদের আবেগ উজাড় করে দেন। সেই কারণেই একঘেয়েমি কাটানো এবং কাজের মান বজায় রাখার জন্য বিরতির বিকল্প নেই। পঙ্কজ আরও বলেন, “আমরা দেশলাই বাক্সের মতো নই, যেখান থেকে হাজার হাজার কপি প্রতিদিন বেরিয়ে আসবে। আমরা শিল্পী। এখানে অনেক দৌড়ঝাঁপ, অনেক লড়াই। সেটে যাওয়ার জন্য ভেতরে সেই আগ্রহ আর উত্তেজনাটা থাকা দরকার।”
প্রসঙ্গত, অরিজিৎ সিং আগেই জানিয়েছিলেন, তিনি প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেও গান ছাড়ছেন না। স্বাধীনভাবে সঙ্গীতচর্চা করা এবং নতুন কিছু শেখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। পঙ্কজ ত্রিপাঠীর মন্তব্য যেন সেই ভাবনাকেই আরও দৃঢ়তা দিল। তাঁর মতে, অরিজিতের মতো একজন প্রকৃত শিল্পী যখন নিজেকে সময় দেওয়ার কথা ভাবছেন, তখন সেই সিদ্ধান্তকে সম্মান জানানোই উচিত।
উল্লেখ্য, সম্প্রতি সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে অরিজিৎ সিং তাঁর প্লেব্যাক কেরিয়ার নিয়ে বড় ইঙ্গিত দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, “আমার কাজ শেষ। এবার নতুনদের জন্য জায়গা করে দেওয়ার সময় এসেছে। আমি হয়তো আর গান গাইব না, তবে সবসময় আপনাদের হৃদয়ে থাকব।” কেরিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে অরিজিতের এই অবসর বা সরে দাঁড়ানোর ইঙ্গিত ইতিমধ্যেই সংগীত মহলে গভীর আলোড়ন ফেলেছে।