১৩ বছর পর কলকাতায় লাইভ কনসার্ট করতে আসছেন ‘মোজার্ট অফ মাদ্রাজ’ এ আর রহমান।

এ আর রহমান
শেষ আপডেট: 6 February 2026 17:30
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান। অবশেষে ফের কলকাতায় পা রাখতে চলেছেন ‘মোজার্ট অফ মাদ্রাজ’ এ আর রহমান (AR Rahman)। শহরের অসংখ্য অনুরাগীর কাছে এই খবর নিঃসন্দেহে বিশেষ। আগামী ১১ এপ্রিল কলকাতায় লাইভ কনসার্টে (AR Rahman Kolkata Concert) সুরের জাদু ছড়াতে আসছেন অস্কারজয়ী এই সুরকার। উল্লেখযোগ্যভাবে, এর আগে ১১ জানুয়ারি কলকাতায় রহমানের একটি কনসার্ট হওয়ার কথা থাকলেও তা শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়। সেই অনুষ্ঠানই এবার এপ্রিল মাসে আয়োজিত হতে চলেছে।
যদিও এখনও কলকাতার ঠিক কোন প্রান্তে এই বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান হবে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অনলাইনেই মিলছে কনসার্টের টিকিট। জানা যাচ্ছে, টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ২,৯৯৯ টাকা। বিভিন্ন জোন অনুযায়ী টিকিটের দাম ৩,৯৯৯ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৯,৯৯৯ টাকা পর্যন্ত। ‘ডিসট্রিক্ট বাই জোম্যাটো’ অ্যাপের মাধ্যমে এই কনসার্টের টিকিট সংগ্রহ করতে পারছেন অনুরাগীরা। আয়োজকদের তরফে জানানো হয়েছে, শিল্পীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও রকম আপস করা হবে না।
প্রসঙ্গত, সম্প্রতি এ আর রহমান নিজেই মন্তব্য করেছিলেন যে, মুসলিম ধর্মাবলম্বী হওয়ার কারণে গত আট বছরে বলিউডে তিনি তাঁর প্রাপ্য অনেক কাজ পাননি। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই বিনোদন মহলে তীব্র বিতর্ক শুরু হয়। ধর্মীয় মেরুকরণের অভিযোগ ঘিরে সেই মন্তব্য নিয়ে সরব হন চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি, অনেকেই রহমানের দাবি ভিত্তিহীন বলেও মন্তব্য করেন।