শমীক অধিকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগের পর দ্য ওয়ালকে স্পষ্ট জবাব দিলেন ‘বাটন’ ছবির অভিনেত্রী ইন্দিরা মুখার্জি। কী বললেন তিনি? পড়ুন বিস্তারিত।

ইন্দিরা মুখার্জি ও শমীক অধিকারী
শেষ আপডেট: 5 February 2026 23:39
দ্য ওয়াল ব্যুরো: এক তরুণীকে ফ্ল্যাটে আটকে রেখে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন বাংলার জনপ্রিয় ইউটিউবার শমীক অধিকারী (Shamik Adhikari)। নেটদুনিয়ায় তিনি ‘ননসেন’ নামেই বেশি পরিচিত। বৃহস্পতিবার সন্ধ্যায় দমদম এলাকা থেকে শমীককে গ্রেফতার করে বেহালা থানার পুলিশ। এই জনপ্রিয় ইউটিউবার, কিছুদিন আগেই 'বাটন' (Button Short Film) নামক একটি ছোট ছবির কারণে বেশ আলোচনায় এসেছিলেন। বিশেষ করে সরকারপক্ষের নজরে আসেন তিনি। সেই ছবিতে অভিনয় করেছেন ইন্দিরা মুখার্জি। দ্য ওয়ালের তরফ থেকে তাঁ সঙ্গে যোগাযোগ করা হল।
প্রথমেই জানতে চাওয়া হল, এই যে 'বাটন' নামক ছবিটিতে আপনি অভিনয় করেছেন, সেই সুযোগটা কী করে পেলেন?
উত্তরে ইন্দিরা বলেন, 'আমি আসলে শমীককে খুব একটা ভাল করে চিনি না। আমাদের যে কমন ফ্রেন্ড আছে, সেই আমাকে জানিয়েছে। আমাকে শুধু আমার পার্টটাই বলা হয়েছিল। কী রোল আমাকে করতে হবে, সেটা বলা হয়েছিল। সেই কারণেই আমি হ্যাঁ বলেছি।'
শমীকের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে, অর্থাৎ ওকে যে কারণে গ্রেফতার করা হয়েছে, সেটা কতটা সত্যি বলে মনে হচ্ছে?
উত্তরে বলেন, 'আমি খবরটা এক্ষুণি পেয়েছি। আমি তো ওকে ভাল করে চিনিই না। তাই এই বিষয়ে মন্তব্য করাটা ঠিক হবে না। এদের সঙ্গে আমার খুব একটা কথাও হয় না। এই সব থেকে দূরেই থাকি। শুধু কাজের জন্য যতটা কথা বলেছিলাম, সেটাই। তারপরে তেমনভাবে কথাও হয়নি। সত্যিটা কী, আর মিথ্যেটা কী, তা নিয়ে আমার কোনও ধারণাই নেই।'
এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, বেহালা থানায় এই ঘটনায় মামলা রুজু হয়েছে (কেস নম্বর ৩৩/২৬)। শমীকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৭(২), ১১৫(২), ৭, ৪ এবং ৩৫১(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
অভিযোগকারী তরুণীর দাবি, শমীক অধিকারী তাঁকে একটি ফ্ল্যাটে তালাবন্ধ করে রেখেছিলেন। শুধু মানসিক চাপ দেওয়াই নয়, তাঁকে মারধর করা হয় এবং তাঁর ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন চালানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তরুণীর বক্তব্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।
এই অভিযোগ প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শমীক অধিকারীর অনুরাগী ও অনুসারী মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।