প্লেব্যাক গাওয়া বন্ধ করার ঘোষণা অরিজিৎ সিংয়ের। দ্য ওয়ালকে কী জানালেন ইন্দ্রদীপ দাশগুপ্ত?

অরিজিৎ সিং, ইন্দ্রদীপ দাশগুপ্ত
শেষ আপডেট: 27 January 2026 22:57
দ্য ওয়াল ব্যুরো: কবীর সুমনের ভাষায়- 'ও গানওয়ালা, আরেকটা গান গাও, আমার আর কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই'...
কোটি কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং হঠাৎই বড় ঘোষণা করেছেন, তিনি আর প্লেব্যাক সিঙ্গার হিসেবে নতুন কোনও কাজ করবেন না। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে একথা জানিয়েছেন গায়ক। তাঁর এই ঘোষণার পর থেকেই অনুরাগী মহলে নেমে এসেছে বিরাট এক হতাশা। কেরিয়ারের মধ্যগগনে থেকে হঠাৎ এমন একটা সিদ্ধান্ত কেন নিলেন অরিজিৎ, তা ভাবাচ্ছে গোটা নেটপাড়াকে। এই বিষয়েই দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হল ইন্দ্রদীপ দাশগুপ্তর সঙ্গে। যিনি, অরিজিতের শেষ মুক্তিপ্রাপ্ত বাংলা গানের সুরকার। গানটির নাম ‘ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা’। সিনেমার নাম ‘লহ গৌরঙ্গর নাম রে’।
Source: YouTube
দ্য ওয়ালের তরফ থেকে তাঁকে প্রশ্ন করা হয়—
এতগুলো গান আপনার সঙ্গে গেয়েছেন অরিজিৎ, সেখানে আপনি এই সিদ্ধান্তকে কীভাবে দেখছেন?
প্রথমেই বলি, এটা অরিজিতের ব্যক্তিগত সিদ্ধান্ত। যে কোনও শিল্পীর ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান দেওয়া উচিৎ। ও গান গাওয়া আগেও বন্ধ করেছেন। এমনটা একেবারেই নয় যে, ও আগে বন্ধ করেনিন। ওঁর অনেক গান গাওয়া আছে। সেগুলো তো এখনও বেরবে। দেখা যাক না, কী হয়!
এরপরে অরিজিৎ কী করবেন? সেই ব্যাপারে কিছু জানেন?
অরিজিৎ সিং নিজের সিদ্ধান্তগুলো কারও সঙ্গে আলোচনা করেন না। ওঁ চিরকালই খুব 'ইনডিপেনডেন্ট' একটা মানুষ। মনে করুন, আমি যদি কখনও গান ছাড়ব ভাবি, সেটাও আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হবে। এগুলো কেউ আলোচনা করে না! কেউ আগে অবসর নেন, কেউ পরে। লাইফটাকে 'বিগার পিকচার'-এ দেখতে হবে...
অরিজিতের গান ভালবাসেন না, এমন শ্রোতা খুঁজে পাওয়া সত্যিই কঠিন। তাঁর কণ্ঠের আবেশ মুহূর্তের মধ্যেই শ্রোতাকে টেনে নিয়ে যায় এক অন্য অনুভবের জগতে। ঠিক সেই গায়কই মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, তিনি আর প্লেব্যাক গায়ক হিসেবে কাজ করবেন না।
নিজের বার্তায় অরিজিৎ লেখেন, “নতুন বছরের শুভেচ্ছা সকলকে। শ্রোতা হিসেবে এত বছর ধরে আমায় যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এ বার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনও কাজ করব না।”
এই মন্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। হতবাক হয়ে পড়েন তাঁর ভক্তরা। তবে এই সিদ্ধান্তের নেপথ্যে ঠিক কী কারণ, সে বিষয়ে গায়ক নিজে কোনও স্পষ্ট ব্যাখ্যা দেননি। যদিও বিভিন্ন সূত্রের দাবি, এটি হয়তো স্থায়ী বিদায় নয়, বরং সাময়িক বিরতি।