ইউটিউবে এখন বেশ সরব অর্চনা পুরান সিং। কখনও রান্না, কখনও পারিবারিক মুহূর্ত, কখনও আবার ঘুরতে গিয়ে নানা অভিজ্ঞতা—সবই ভাগ করে নিচ্ছেন নিজের চ্যানেলে।

অর্চনা পুরান সিং
শেষ আপডেট: 16 July 2025 13:02
দ্য ওয়াল ব্যুরো: ইউটিউবে এখন বেশ সরব অর্চনা পুরান সিং। কখনও রান্না, কখনও পারিবারিক মুহূর্ত, কখনও আবার ঘুরতে গিয়ে নানা অভিজ্ঞতা—সবই ভাগ করে নিচ্ছেন নিজের চ্যানেলে। স্বামী পরমিত শেঠি এবং দুই ছেলেকে পাশে নিয়ে অর্চনা তৈরি করছেন একের পর এক ব্লগ। তবে এবার সেই ইউটিউব চ্যানেলেই উঠে এল এক চাঞ্চল্যকর অভিজ্ঞতা—দুবাই ভ্রমণে গিয়ে স্ক্যামের শিকার হয়েছেন অর্চনা ও তাঁর পরিবার।
সম্প্রতি দুবাই ঘুরতে গিয়ে স্কাইডাইভিংয়ের পরিকল্পনা করেছিলেন তাঁরা। আইফ্লাই দুবাইয়ের ইনডোর স্কাইডাইভিংয়ের জন্য তিনটি স্লট বুক করেছিলেন অভিনেত্রী। কিন্তু নির্দিষ্ট সময় কাউন্টারে গিয়ে জানতে পারেন—তাঁদের নামে কোনও বুকিংই নেই!
ভিডিওয় দেখা যায় অর্চনা বলছেন, “আমরা বুক করেছিলাম তিনটি স্লট, কিন্তু এখানকার এক মহিলা বলছেন আমাদের কোনও বুকিং নেই। মানে আমরা স্পষ্টভাবে প্রতারিত হয়েছি। যে ওয়েবসাইট থেকে টাকা দিয়েছিলাম সেটা আসল ছিল না। আমি অবাক, এমন শহরে এটা ঘটল যেখানে এত কড়া আইন আছে!”
ঘটনায় হতবাক হয়ে যান অর্চনার স্বামী পরমিত শেঠিও। শুধু বুকিংটাই নয়, ভুয়ো সাইটে টাকা দিয়ে কার্যত হাজার হাজার টাকা হারিয়েছেন তাঁরা।
অর্চনার ছেলে আর্যমান ভিডিয়োয় জানিয়েছেন, বুকিংয়ের সময় তাঁর সন্দেহ হয়েছিল—প্রথমে ওয়েবসাইটে ৪ মিনিট টাইম লেখা থাকলেও পরে সেটাই কমে দাঁড়ায় ২ মিনিটে। তবু পরিচিত নাম দেখে আর সন্দেহ করেননি তাঁরা। সেই ভুলের খেসারত দিতে হয়েছে পুরো পরিবারকে।
দুবাইয়ের মতো শহরে দাঁড়িয়ে এমন অভিজ্ঞতায় এখনও ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি অর্চনা। তিনি বলেন, “ভাবতেই পারছি না, এটা আসলেই স্ক্যাম ছিল কিনা, কিন্তু আমরা আসলেই প্রতারণার শিকার হয়েছি।”
অর্চনাকে সম্প্রতি দেখা গিয়েছে ‘নাদানিয়াঁ’ ছবিতে ‘মিসেস ব্রাগাঞ্জা মালহোত্রা’-র চরিত্রে। পাশাপাশি তিনি হাজির ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তেও, যেখানে নভজ্যোত সিং সিধুর সঙ্গে ভাগ করে নিচ্ছেন মঞ্চ। তবে এখন দর্শকেরা তাঁকে বেশি পাচ্ছেন তাঁর পরিবারের সঙ্গে ইউটিউব ভিডিওতেই।