পোস্টে আরবাজ শুরাকে শুধু স্ত্রী নয়, তাঁর সবচেয়ে কাছের মানুষ, বন্ধু বলে উল্লেখ করেন। তাঁর কথায়, শুরাই তাঁর হাসি, শান্তি আর পরিবারের অনুভূতি। জন্মদিনে তিনি কামনা করেন, শুরার জীবন যেন তাঁর মতোই সুন্দর হয়ে ওঠে এবং তাঁর সব স্বপ্ন যেন আগামীতেও পূরণ হয়।

শেষ আপডেট: 18 January 2026 18:01
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী শুরা খানের জন্মদিন বলে কথা। সেখানে আরবাজ খানের বিশেষ পোস্ট থাকবে না, তা কি হয়? তাই সোশ্যাল মিডিয়ায় আবেগভরা শুভেচ্ছা জানিয়ে ভালবাসা উজাড় করে দিলেন তিনি। ইনস্টাগ্রামে শুরার সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে আরবাজ লেখেন, শুরার সঙ্গে কাটানো প্রতিটি দিনই তাঁর জীবনের কাছে আশীর্বাদের মতো।
পোস্টে আরবাজ শুরাকে শুধু স্ত্রী নয়, তাঁর সবচেয়ে কাছের মানুষ, বন্ধু বলে উল্লেখ করেন। তাঁর কথায়, শুরাই তাঁর হাসি, শান্তি আর পরিবারের অনুভূতি। জন্মদিনে তিনি কামনা করেন, শুরার জীবন যেন তাঁর মতোই সুন্দর হয়ে ওঠে এবং তাঁর সব স্বপ্ন যেন আগামীতেও পূরণ হয়। পোস্টের সঙ্গে ভালবাসার ইমোজিও জুড়ে দেন আরবাজ। পাশাপাশি, সাদা পোশাকে ‘টুইনিং’ করা তাঁদের একাধিক ছবিও ভাগ করে নেন, যা মুহূর্তেই অনুরাগীদের মন কাড়ে।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে আরবাজ ও শুরা তাঁদের বিবাহবার্ষিকীর দু’বছর পূর্ণ করেন। সেই উপলক্ষে শুরাও স্বামীর জন্য একটি মজাদার পোস্ট শেয়ার করেছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে বলিউড গানের তালে আরবাজের নাচের একগুচ্ছ ভিডিও শেয়ার করে শুরা লিখেছিলেন, আরবাজের সঙ্গে কাটানো কোনও মুহূর্তই তাঁর কাছে একঘেয়ে নয়। শুরার কথায়, এই জীবনটাই তাঁর সবচেয়ে প্রিয়, আরবাজ তাঁর চিরকালের ভালবাসা।
আরবাজ ও শুরার সম্পর্কের শুরু কাজের সূত্রেই। কাজ করতে করতেই দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে প্রেমের সম্পর্কের রূপ নেয়। অবশেষে ২০২৩ সালের ডিসেম্বর মাসে গাঁটছড়া বাঁধেন তাঁরা।
এরপর ২০২৫ সালের ৫ অক্টোবর তাঁদের জীবনে শুরু হয় আরও এক নতুন অধ্যায়। আরবাজ ও শুরার সংসারে আসে সন্তান। তাঁদের কন্যাসন্তানের নাম রেখেছেন সিপারা খান। পরিবার, ভালবাসা ও নতুন দায়িত্ব—সব মিলিয়ে জীবনের এই নতুন অধ্যায়টাই এখন সবচেয়ে বেশি উপভোগ করছেন আরবাজ ও শুরা।