পারিশ্রমিকের দৌড়ে কি সত্যিই পিছিয়ে গেলেন Arijit Singh?

ফাইল চিত্র
শেষ আপডেট: 8 March 2026 09:48
দ্য ওয়াল ব্যুরো: হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে শ্রেয়া ঘোষাল, সোনু নিগম, সুনিধি চৌহান এবং অরিজিৎ সিং দীর্ঘদিন ধরেই প্রথম সারির শিল্পী হিসেবে পরিচিত। যদিও সম্প্রতি অরিজিৎ জানিয়েছেন, তিনি আর সিনেমার জন্য গান গাইবেন না। তবু এই জনপ্রিয় শিল্পীদের পারিশ্রমিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই আলোচনা শুরু হয়। তবে আশ্চর্যের বিষয়, পারিশ্রমিকের দিক থেকে এই তারকাদেরও পিছনে ফেলেছেন অন্য এক সঙ্গীতশিল্পী।
বলিপাড়ার সূত্রে জানা যায়, পারিশ্রমিকের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রেয়া ঘোষাল। একটি গান গাওয়ার জন্য তিনি প্রায় ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। তাঁর পরেই তালিকায় রয়েছেন অরিজিৎ সিং এবং সুনিধি চৌহান। শোনা যায়, একটি গান গাওয়ার জন্য তাঁরা প্রত্যেকে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা পারিশ্রমিক পান।
অন্যদিকে পারিশ্রমিকের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন সোনু নিগম এবং বাদশা। সূত্রের খবর, একটি গান গাওয়ার জন্য তাঁরা প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। এছাড়া শান, নেহা কক্কর, মিকা সিং এবং হানি সিং-এর মতো শিল্পীরা একটি গান গাওয়ার জন্য প্রায় ১০ লক্ষ টাকা করে পারিশ্রমিক পান বলে জানা যায়।
তবে এই তালিকার শীর্ষস্থানে রয়েছেন এমন এক সঙ্গীতশিল্পী, যিনি মূলত সুরকার হিসেবেই বেশি পরিচিত। দেশ-বিদেশের নানা জায়গায় নিয়মিত অনুষ্ঠান করেন তিনি। তবুও হিন্দি মিউজ়িক ইন্ডাস্ট্রিতে নেপথ্য কণ্ঠশিল্পীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পান তিনিই।
পারিশ্রমিকের নিরিখে সেই প্রথম স্থানের অধিকারী হলেন এ আর রহমান। কানাঘুষো শোনা যায়, কোনও ছবিতে একটি গান করার জন্য তিনি কোটির অঙ্কে পারিশ্রমিক নেন। জানা যায়, গানপিছু প্রায় তিন কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক পান এই কিংবদন্তি সঙ্গীতশিল্পী।