অনুপর্ণা রায় তাঁর ছবি Songs of Forgotten Trees এর জন্য শ্রেষ্ঠ পরিচালক পুরস্কারটি জিতেছেন। ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনো (Julia Ducournau), যিনি অরিজন্টি বিভাগের জুরি প্রেসিডেন্ট ছিলেন, অনুপর্ণাকে এই পুরস্কার প্রদান করেন।

ভেনিসে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন অনুপর্ণা
শেষ আপডেট: 7 September 2025 00:41
ভারতীয় চলচ্চিত্র পরিচালক অনুপর্ণা রায় ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ৮২তম সংস্করণে ইতিহাস গড়লেন। তিনি ফেস্টিভ্যালের 'অরিজন্টি' বিভাগে শ্রেষ্ঠ পরিচালক (Best Director) হিসাবে নির্বাচিত হয়েছেন। পুরস্কার গ্রহণের জন্য স্টেজে ওঠার সময় পরিচালক জানান, এই মুহূর্তটি তাঁর জন্য ‘অবিশ্বাস্য’।
অনুপর্ণা রায় তাঁর ছবি Songs of Forgotten Trees এর জন্য শ্রেষ্ঠ পরিচালক পুরস্কারটি জিতেছেন। ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনো (Julia Ducournau), যিনি অরিজন্টি বিভাগের জুরি প্রেসিডেন্ট ছিলেন, অনুপর্ণাকে এই পুরস্কার প্রদান করেন। সাদা শাড়িতে সজ্জিত অনুপর্ণা স্টেজে উঠে পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণের সময় অনুপর্ণা রায় বলেন, 'এই মুহূর্তটি অসাধারণ। আমি এমন একটি বড় ফেস্টিভ্যালে, ভেনিসে, দাঁড়িয়ে আছি… আমি প্রথমেই জুরিদের, দর্শকদের এবং ফেস্টিভ্যাল পরিচালকদের ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাই আমার প্রযোজককে, যিনি এমন একটি সিনেমার জন্য ‘হ্যাঁ’ বলেছিলেন, যা প্রচলিত ধারার সিনেমার বক্সে ফিট হয়নি। অনুরাগ [কাশ্যপ] শুরু থেকেই এই ছবিতে বিশ্বাস করেছিলেন।'
তিনি আরও বলেন, 'আমার দেশের প্রতিটি মানুষকে আমি এই পুরস্কার উৎসর্গ করতে চাই। আমি ধন্যবাদ জানাই সেলুলয়েড ফিল্মসকে, যারা ছবিতে বিশ্বাস রেখেছিল। আমার ডিওপি, ৮০ বছর বয়সী গাফার দেবজিৎ ব্যানার্জীকেও ধন্যবাদ জানাই। তোমরা সবাই অসাধারণ। আমি একটি বড়, এক ভয়ংকর বিষয়ের কথাও বলতে চাই, যা বর্তমানে প্যালেস্তাইনে ঘটছে। প্রতিটি শিশুর শান্তি, স্বাধীনতা ও মুক্তি পাওয়ার অধিকার আছে, এবং প্যালেস্তাইনেও এর ব্যতিক্রম নয়। আমাদের এক মুহূর্ত ভাবা উচিত। হয়তো আমি আমার দেশের কিছু মানুষকে রুষ্ট করব, কিন্তু আমার আর তাতে কোনও সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ!”
বড় প্রাপ্তির পর দ্য ওয়ালের সঙ্গে কথা বলেন অনুপর্ণা। তিনি প্রথমেই সকল দর্শককে ধন্যবাদ জানান। বলেন, 'আমার বাংলাকে ধন্যবাদ জানাতে চাই। এই জয় পুরুলিয়ার জয়। আমি খুব খুশি যে এবছর ভারত থেকে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে।' এই কৃতিত্বের জন্য নিজের বাবা-মায়ের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

মেয়ের প্রাপ্তি নিয়ে অনুপর্ণার মা মনিষা রায় বলেন, 'সিনেমার ব্যপারে কোনও ধারণা ছিল না। চাকরি ছাড়তেও বারণ করেছিলাম। শুধু বলেছিল তোমরা পাশে থেকো। ও জেদ ছাড়েনি, চেষ্টা করেছে খুব।' পুরস্কার গ্রহণের পর মায়ের সঙ্গে কথা বলেছেন অনুপর্ণা। জয় নিয়ে আগে থেকেই আশাবাদী ছিল মেয়ে, সেকথাও জানালেন পরিচালকের মা।
'Songs of Forgotten Trees' সিনেমাটি মুম্বইতে দুই প্রবাসী নারীর পরিবর্তনশীল সম্পর্ককে কেন্দ্র করে তৈরি। এটি অরিজন্টি বিভাগের অংশ হিসেবে প্রদর্শিত হয়, যা নতুন প্রবণতা তুলে ধরে এমন আন্তর্জাতিক প্রতিযোগিতা যেখানে ডেবিউ ছবি, তরুণ প্রতিভা, স্বাধীন সিনেমা এবং কম পরিচিত সিনেমাগুলোর প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়।
এই ছবিতে অভিনয় করেছেন নাজ শেখ এবং সুমি বাঘেল। সিনেমাটির প্রযোজক হলেন বিভাংশু রায়, রোমিল মোদী এবং রঞ্জন সিং। অনুরাগ কশ্যপ ছবিটির প্রেজেন্টার হিসেবেও এই প্রজেক্টে যুক্ত ছিলেন।