১৮ জুলাই মুক্তি পেয়েছে অনুপম খের পরিচালিত ও অভিনীত 'তানভি দ্য গ্রেট'। সাইয়ারা ছবির ঢেউয়ে বক্স অফিসে তেমন সাড়া না মিললেও নিজের কাজ নিয়ে খুশি তিনি।

অনুপম খের
শেষ আপডেট: 11 August 2025 20:00
দ্য ওয়াল ব্যুরো: ১৮ জুলাই মুক্তি পেয়েছে অনুপম খের পরিচালিত ও অভিনীত 'তানভি দ্য গ্রেট'। সাইয়ারা ছবির ঢেউয়ে বক্স অফিসে তেমন সাড়া না মিললেও নিজের কাজ নিয়ে খুশি তিনি। শুধু অভিনেতা-পরিচালক নন, অনুপম খের একজন সক্রিয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীও। মাঝেমধ্যেই নানারকম ছবি ও ভিডিও পোস্ট করে ভক্তদের সঙ্গে নিজের ভাবনা ভাগ করে নেন।
সম্প্রতি তিনি একেবারে আলাদা ধরণের একটি ভিডিও শেয়ার করেছেন, যা দেখে নেটিজেনরা যেমন হেসেছেন, তেমনই ভেবেছেনও। ভিডিওতে অনুপম বলেন, 'এখন পাবলিক টয়লেটে গেলেই সমস্যায় পড়তে হয়, কারণ পুরুষ ও মহিলাদের শৌচালয় আলাদা করার সাইনবোর্ড এতটাই অদ্ভুত যে বোঝা মুশকিল কোনটা কার জন্য। আগে কেবল “পুরুষ” বা “মহিলা” লেখা থাকত, এখন তার বদলে লাগানো হয় নানা ধরণের ছবি, যার মানে বের করা রীতিমতো চ্যালেঞ্জ।
ভিডিওতে তিনি ব্যাক ক্যামেরা অন করে দেখান, একদিকে একটি ছবিতে দেখা যাচ্ছে, কেউ জোর করে টয়লেট ব্যবহার করার চেষ্টা করছে; অন্যদিকেও প্রায় একই রকম ছবি। চট করে দেখে বোঝা যায় না কোনটা পুরুষের, আর কোনটা মহিলাদের জন্য। অনুপম মজা করে বলেন, “তাড়া থাকলেও কয়েক সেকেন্ড থেমে ভাবতেই হয়!”
এই অভিজ্ঞতা শেয়ার করে তিনি বোঝাতে চেয়েছেন, সহজ বিষয়গুলোও আজকাল এমনভাবে উপস্থাপন করা হয় যে উল্টো বিভ্রান্তি তৈরি হয়। নেটিজেনরা অনুপমের এই পর্যবেক্ষণের সঙ্গে একমত হয়ে কমেন্টে জানিয়েছেন, তারাও একই সমস্যায় পড়েছেন।