বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন জানালেন কেন তিনি রাজনীতি থেকে সরে এসেছিলেন।

অমিতাভ বচ্চন
শেষ আপডেট: 25 September 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো: বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন বর্তমানে তাঁর টেলিভিশন শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৭তম সিজন উপস্থাপনা করছেন। খেলার ফাঁকে ফাঁকে নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা দিক তুলে ধরতে দেখা যায় তাঁকে। সম্প্রতি শোতে তিনি জানিয়েছেন কেন তিনি রাজনীতি থেকে সরে এসেছিলেন।
অমিতাভ বলেন, ‘‘আমি অত্যন্ত আবেগের সঙ্গে রাজনীতি ছেড়েছিলাম। আমার জন্মস্থান ইলাহাবাদ (বর্তমান প্রয়াগরাজ) মানুষ আমাকে অনেক ভালবাসত। ভোটে নির্বাচিত হয়েও, কয়েকদিন কাটানোর পর আমি বুঝতে পারি, রাজনীতি অত্যন্ত কঠিন কাজ। আপনাকে একদিকে দেখতে হবে, অন্যদিকে শুনতে হবে, আর সব প্রশ্নের উত্তর দিতে হবে, এটি খুবই চ্যালেঞ্জিং।’’
তার দুই বছরের সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাকে অমূল্য হিসেবে উল্লেখ করে বিগ বি বলেন, ‘‘ভারতের আসল জীবন গ্রামে বাস করে। সেই সময় আমি যেসব অভিজ্ঞতা অর্জন করেছি, তা আমার জন্য অমূল্য। গ্রামের মানুষ কীভাবে জীবন যাপন করে, তা দেখার সুযোগ পেয়েছিলাম। নির্বাচনে যেসব মানুষ আসে, তাঁরা সম্মান দেখান, এটি আমার সঙ্গেও হয়েছে।’’

তবে ইতিহাসের পাতায় ফিরে দেখলে জানা যায়, ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যার পর অমিতাভ কংগ্রেস দলে যোগদান করেন। সেই বছরই ইলাহাবাদ থেকে লোকসভা নির্বাচনে লড়াই করে জয়লাভ করেন। কিন্তু ১৯৮৭ সালে বোফোর্স কেলেঙ্কারির সূত্র ধরে তিনি রাজনীতি থেকে সরে যান।