ইউজভেন্দ্র চাহালের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ধনশ্রী বর্মা নাকি ৪.৭৫ কোটি টাকা খোরপোশ পেয়েছেন—এমন দাবি ছড়ালেও ধনশ্রী স্পষ্ট জানালেন, ‘‘সব মিথ্যে কথা।’’ ‘রাইজ অ্যান্ড ফল’-এ খোলসা করলেন সত্যি ঘটনা।

যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা
শেষ আপডেট: 25 September 2025 12:51
দ্য ওয়াল ব্যুরো: ‘রাইজ অ্যান্ড ফল’-এর সাম্প্রতিক পর্বে নাচশিল্পী ধনশ্রী বর্মাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন সঞ্চালক আদিত্য নারায়ণ। বিবাহবিচ্ছেদের প্রসঙ্গে আদিত্য জানতে চান, ‘‘কতদিন আগে এই বিচ্ছেদ হয়েছিল?’’ ধনশ্রীর সোজা জবাব, ‘‘প্রায় এক বছর আগে।’’
তখন অভিনেত্রী কুবরা সাইত মন্তব্য করেন, ‘‘খুব তাড়াতাড়ি তোমাদের বিবাহবিচ্ছেদ হয়ে গেল।’’ জবাবে ধনশ্রী জানান, ‘‘আসলে আমরা দু’জনেই বিচ্ছেদ চেয়েছিলাম। তাই যখন মানুষ খোরপোশের কথা বলে, তখন সেটা সম্পূর্ণ ভুল।’’
ধনশ্রী আরও যোগ করেন, ‘‘আমি কিছু না বললেই যে অন্যরা যা খুশি বলতে পারে, তা নয়। তবে আমার বাবা-মা আমাকে শিখিয়েছেন, কেবল কাছের মানুষদের কাছেই ব্যাখ্যা দিতে হয়। যাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাদের কাছে কিছু বোঝানোর দায় নেই।’’
আদিত্যর পরবর্তী প্রশ্ন ছিল ‘‘বিয়ে কতদিন স্থায়ী হয়েছিল?’’ ধনশ্রীর উত্তর, ‘‘চার বছর।’’ কুবরা আবার জানতে চান, ‘‘বিয়ের আগে কতদিন সম্পর্ক ছিল?’’ ধনশ্রী জানান, ‘‘প্রায় ছয় থেকে সাত মাস।’’
এ সময় সাংবাদিক নয়নদীপ রক্ষিত প্রশ্ন তোলেন ‘‘যখন এ নিয়ে নানা কথা হচ্ছিল, তখন কি আপনার মনে হয়নি সরাসরি উত্তর দেওয়া দরকার?’’ ধনশ্রী বলেন, ‘‘এসব গুজব দেখে খারাপ লাগে। কারণ এর কোনো প্রয়োজন ছিল না। আমি শুধু বলতে চাই, কিছুই সত্য নয়। তবুও আমি সবসময় সম্মান দেখাব, কারণ এটা আমার সংস্কারের অংশ।’’