দিওয়ালিতে কর্মীদের উপহার দেওয়ায় বিতর্কে অমিতাভ বচ্চন। কেউ প্রশংসা করেছেন, কেউ বলেছেন ‘মাত্র এই ক’টা টাকা?’ — সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা।

অমিতাভ বচ্চন
শেষ আপডেট: 29 October 2025 00:02
দ্য ওয়াল ব্যুরো: দিওয়ালির পর থেকেই বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তুঙ্গে। উৎসব উপলক্ষে তিনি কর্মীদের নগদ অর্থ ও মিষ্টির বাক্স উপহার দিয়েছেন, এই সংক্রান্ত একটি ভিডিও ক্লিপিংস ঘিরেই শুরু হয়েছে এই বিতর্ক।
অমিতাভের মুম্বইয়ের জুহু রেসিডেন্স 'জলসা'-র বাইরে থেকে তোলা এই ভিডিওটি। সেখানে দেখা যায়, এক কনটেন্ট ক্রিয়েটর বাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন, "এখানে মিষ্টি বিতরণ করা হচ্ছে, এটা অমিতাভ বচ্চনের বাড়ি।" এরপর বাড়ির একজন কর্মীকে বলতে শোনা যায় যে তাঁরা দিওয়ালি উপহার হিসেবে ১০,০০০ টাকা নগদ এবং একটি মিষ্টির বাক্স পেয়েছেন।
ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, "বলিউডের সবচেয়ে বড় অভিনেতা অমিতাভ বচ্চন দিওয়ালিতে কর্মী ও নিরাপত্তা রক্ষীদের ১০,০০০ টাকা নগদ ও মিষ্টির বাক্স উপহার দিয়েছেন।"
এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে বিগ বি-র এই উদ্যোগের প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেন, "অন্তত নিজের কর্মীদের কথা ভেবেছেন তিনি।"
এক নেটিজেন লিখেছেন, "মাত্র ১০,০০০ টাকা! এমন এক কিংবদন্তি অভিনেতার পক্ষে এটা খুবই অল্প পরিমাণ।" অপর একজন মন্তব্য করেন, "তাঁদের পরিশ্রমের তুলনায় এটা মোটেও যথেষ্ট নয়।"
এই বিতর্কের মাঝে কেউ কেউ আবার স্মরণ করিয়ে দেন যে, অমিতাভ বচ্চন বহু বছর ধরে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাই একটি ভিডিও দেখে তাঁকে বিচার করা উচিত নয়।
তবে সব মিলিয়ে, অমিতাভ বচ্চনের দেওয়া এই ছোট দিওয়ালি উপহারই এখন বলিউড মহলে ও নেটদুনিয়ায় আলোচনা তৈরি করেছে। যদিও এই তথ্যের সত্যতা যাচাই করা হয়নি।