2.png)
ফাইল চিত্র
শেষ আপডেট: 29 April 2025 17:06
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার যুগে এআই ব্যবহার করে ছবি পাল্টে ফেলা আজ নতুন কিছু নয়। এআই-এর মাধ্যমে রাতারাতি তৈরি হচ্ছে বিভ্রান্তিকর ছবি ও ভিডিও। এবার সেই তালিকায় নাম লেখালেন খোদ আমির খান। সম্প্রতি, ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে আমির খানের একটি পোস্টার, যেখানে তাঁকে দেখা যাচ্ছে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ভূমিকায়।
এই পোস্টার ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর জল্পনা। অনেকেই ধরে নেন, গুরু নানকের চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউড তারকা। ছবির ক্যাপশনেও উল্লেখ, শীঘ্রই প্রকাশ্যে আসবে টিজ়ার ও ট্রেলার। ফলত, ভক্তমহলে কৌতূহল তুঙ্গে—তবে কি সত্যিই গুরু নানক হচ্ছেন আমির?
Strongly condemn the fake poster & teaser showing Amir Khan portraying Guru Nanak Dev Ji! This is a deliberate, disgusting attack on Sikh religious sentiments and a clear attempt to provoke the Sikh community.
— Pritpal Singh Baliawal (@PritpalBaliawal) April 27, 2025
The fake channel is misusing @TSeries' name to spread hatred,1/4 pic.twitter.com/uoGwrQKzUJ
শেষমেশ বিতর্কে ইতি টানতে মুখ খুলল আমির খানের টিম। তাঁদের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, ‘‘এই পোস্টারটি সম্পূর্ণ ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত। এই ধরনের কোনও প্রোজেক্টের সঙ্গে আমির খানের কোনও সম্পর্ক নেই। গুরু নানক দেবের প্রতি অভিনেতার গভীর শ্রদ্ধা রয়েছে।‘‘
আমিরের ভক্তরাও এই ভুয়ো প্রচারে ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছেন, ধর্মীয় নেতাকে নিয়ে এমন ভুয়ো কনটেন্ট বানানো খুবই দুর্ভাগ্যজনক এবং অনুচিত। উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে আমির খানের একটি ভুয়ো ভিডিও ভাইরাল হয়েছিল, যার পর অভিনেতা সরাসরি অনুরোধ করেছিলেন—ভুয়ো প্রচার থেকে দূরে থাকতে।
বর্তমানে ‘সিতারে জমিন পর’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আমির। পাশাপাশি মহাভারতের উপর ভিত্তি করে একটি বড় প্রজেক্টের প্রস্তুতিও চলছে। এরই মাঝে এই বিভ্রান্তিকর পোস্টার নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে আমির খান। তবে অভিনেতার স্পষ্ট অবস্থান—ভুয়ো প্রচারে কান দেবেন না দর্শক, এমনটাই প্রত্যাশা তাঁর।