মেয়ে রাহাকে সোশাল মিডিয়া থেকে সরানোর পর এবার নিজেই ডিজিটাল দুনিয়া ছাড়ার ভাবনায় আলিয়া ভাট।

আলিয়া ভাট
শেষ আপডেট: 31 January 2026 17:16
দ্য ওয়াল ব্যুরো: নিশ্চয়ই খেয়াল করেছেন, আলিয়া ভাটের (Alia Bhatt) ইনস্টাগ্রাম হ্যান্ডেল খুললেই (Social Media) এখন আর ছোট্ট রাহার কোনও ছবি চোখে পড়ে না। মেয়ে রাহাকে সোশাল মিডিয়ার আড়ালেই রাখতে চান অভিনেত্রী। শুধু তাই নয়, এবার তো নিজেকেই পুরোপুরি এই ডিজিটাল দুনিয়া থেকে সরিয়ে নেওয়ার ভাবনাও মাথায় ঘুরছে তাঁর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া একেবারে অকপটে নিজের অনুভূতির কথা জানান। তাঁর কথায়, সোশাল মিডিয়া মানুষকে ক্রমশ অমনোযোগী করে তোলে। সারাক্ষণ অনলাইনে থাকা মানসিকভাবে খুব ক্লান্তিকর। মাঝেমধ্যেই তাঁর মনে হয়, সবকিছু থেকে দূরে সরে গিয়ে একটু নিঃশ্বাস নেওয়া দরকার। আলিয়া স্পষ্ট করে বলেন, সোশাল মিডিয়া এখন তাঁর কাছে একঘেয়ে হয়ে উঠেছে। শুধু তাই নয়, এই প্ল্যাটফর্মের কারণে ব্যক্তিগত জীবনেও অনধিকার প্রবেশ ঘটে, যা তিনি মোটেই পছন্দ করেন না।
অভিনেত্রীর মতে, নিজের ব্যক্তিগত জীবন তিনি ব্যক্তিগতই রাখতে চান। তা নিয়ে প্রকাশ্যে আলোচনা বা সব প্রশ্নের উত্তর দেওয়ার চাপ তাঁর কাছে কঠিন। সবার সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলাটাও যে সহজ নয়, সেটাও স্বীকার করেছেন তিনি। যদিও এখনও সোশাল মিডিয়া থেকে পাকাপাকি বিদায় ঘোষণা করেননি আলিয়া, তবে মাঝেমধ্যেই নিজেকে এই মাধ্যম থেকে কিছুটা দূরে সরিয়ে নেন, এমনটা আগেও হয়েছে।
মা হওয়ার পর এই অনুভূতি যে আরও গভীর হয়েছে, সেটাও লুকোননি অভিনেত্রী। আলিয়া বলেন, একজন মা হওয়ার পর তাঁর জীবনের অগ্রাধিকার বদলে গেছে। এখন তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো কাজ করা এবং নিজের ব্যক্তিগত জীবনকে সুস্থ রাখা। মা হওয়ার পর শারীরিক ও মানসিক—দু’দিক থেকেই যে আমূল পরিবর্তন আসে, তা তিনি নিজে অনুভব করেছেন। আর সেই অভিজ্ঞতাই তাঁকে আরও বেশি করে ‘প্রাইভেসি’-র দিকে টেনে নিচ্ছে।
তবে এখানেই দ্বন্দ্ব। আলিয়া জানেন, তাঁর সোশাল মিডিয়ায় অগণিত অনুরাগী রয়েছেন। তাঁদের হতাশ করতেও চান না তিনি। নিজের এবং রণবীর কাপুরের কেরিয়ারেও সোশাল মিডিয়ার ভূমিকা যে গুরুত্বপূর্ণ, তা মানেন অভিনেত্রী। অনুরাগীরা তাঁদের নতুন কাজের খবর পান এই মাধ্যমেই। তাই সব বুঝেও এই সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ নয়। তবুও, মাঝেমধ্যেই তাঁর মনে হয়—সব ছেড়ে একটু আড়ালে চলে যেতে।
এই ভাবনা অবশ্য নতুন নয়। অতীতেও ছবির প্রচার শেষ হওয়ার পর হঠাৎ করেই নিজের ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট মুছে ফেলেছিলেন আলিয়া। একসময় তো নিজের অ্যাকাউন্ট প্রাইভেটও করে দিয়েছিলেন তিনি। এই মুহূর্তে তাঁর দুনিয়া জুড়ে শুধুই মেয়ে রাহা। ফোনের গ্যালারিও ভর্তি মেয়ের ছবিতে। রাহার কথা ভেবেই অভিনয়ের কাজের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি—সে কথা আগেই জানিয়েছিলেন। আর এবার সেই তালিকায় যুক্ত হল সোশাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ভাবনাও।