মেয়ে রাহার ভবিষ্যৎ ও অভিভাবকত্ব নিয়ে দুশ্চিন্তায় আলিয়া ভাট।

ছবি: দ্য ওয়াল
শেষ আপডেট: 28 March 2026 13:03
দ্য ওয়াল ব্যুরো: মেগাবাজেট সিনেমা, আন্তর্জাতিক ব্র্যান্ড, নিজের ব্যবসা সবকিছু সামলানোর মাঝেও আলিয়া ভাটের (Alia Bhatt) জীবনের কেন্দ্রবিন্দু এখন একটাই, তাঁর মেয়ে রাহা (Raha Kapoor)। বলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের তালিকায় নাম থাকলেও, ভাল অভিভাবক হওয়ার চিন্তাই যেন এখন বেশি করে ভাবাচ্ছে তাঁকে। সেই কারণেই প্রকাশ্যে আধ্যাত্মিক গুরু সদগুরুর (Sadhguru) কাছেই জানতে চাইলেন, কীভাবে একজন ভাল অভিভাবক হওয়া যায়।
‘কাপুর বাড়ির বউমা’—এই পরিচয়ের গণ্ডি অনেক আগেই পেরিয়ে গিয়েছেন আলিয়া ভাট। করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করা এই অভিনেত্রী আজ আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত এক গ্লোবাল স্টার। একের পর এক মেগাবাজেট সিনেমা, নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত, তার সঙ্গে নিজের পোশাক সংস্থা—সব মিলিয়ে আলিয়ার সাফল্যের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে তেরো বছরও পার করে ফেলেছেন তিনি, এবং আজ বলিউডের অন্যতম ‘দামি নায়িকা’ হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন।
তবে এই সাফল্যের মাঝেই মা হওয়ার পর আলিয়ার জীবনে এসেছে বড় পরিবর্তন। মেয়ে রাহার জন্মের পর থেকেই কাজের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বদলেছে। গত ডিসেম্বরেই তিনি জানিয়েছিলেন, ২০২৬ সাল থেকে আরও সচেতনভাবে কাজ বেছে নেবেন। কারণ এখন তাঁর জীবনে কাজের পাশাপাশি মাতৃত্বও সমান গুরুত্বপূর্ণ।

সম্প্রতি চেন্নাইয়ে জৈন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আলিয়া ভাট। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধ্যাত্মিক গুরু সদগুরু। অনুষ্ঠানের মঞ্চে তাঁর সঙ্গেই সরাসরি কথোপকথনে অংশ নেন আলিয়া। আলোচনার আগে সদগুরুর সঙ্গে প্রার্থনায় অংশ নিতে দেখা যায় তাঁকে, যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
আলোচনা চলাকালীন আলিয়া নিজের মনের একান্ত দুশ্চিন্তার কথা তুলে ধরেন। তাঁর প্রশ্ন ছিল—কোনও অভিভাবকের মনে যদি এমন উদ্বেগ কাজ করে যে তিনি ঠিকভাবে সন্তানের দায়িত্ব সামলাতে পারছেন কি না, তাহলে সেই অভিভাবককে কী পরামর্শ দেওয়া উচিত? প্রশ্ন শুনে সদগুরু হেসে বলেন, উদ্বিগ্ন অভিভাবকরা কখনওই ভালো অভিভাবক হতে পারেন না। এই উত্তর শুনে দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। তখন আলিয়াও মজার ছলে বলেন, এই দুশ্চিন্তা কোনওদিনই যায় না, এবং সম্ভবত সবাই তাঁর সঙ্গে একমত হবেন।
এই কথোপকথনের ভিডিও সদগুরু নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিও ভাইরাল হওয়ার পর অনুরাগীদের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কাজের ব্যস্ততার কারণে কি মাতৃত্বে পর্যাপ্ত সময় দিতে পারছেন না আলিয়া? নাকি সত্যিই মেয়ে রাহার অভিভাবকত্ব নিয়ে চিন্তায় রয়েছেন তিনি—এই নিয়েই জল্পনা তৈরি হয়েছে নেটদুনিয়ায়।
তবে এর আগেই এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, তিনি প্রতিদিন নিজেকে নতুন চ্যালেঞ্জের দিকে ঠেলে দিতে চান এবং কমফোর্ট জোনে থাকতে পছন্দ করেন না। কিন্তু মা হওয়ার পর আগের মতো একসঙ্গে দু-তিনটি ছবিতে কাজ করা আর সম্ভব হয় না। এখন তিনি যখন একটি সিনেমা করেন, তখন সম্পূর্ণ মনোযোগ সেখানেই দেন। এই নতুন নতুন কাজ তিনি উপভোগ করছেন বলেও জানিয়েছেন।