‘ধুরন্ধর’-এর সাফল্যের মাঝেই ভাইরাল অক্ষয় খান্নার পুরোনো সাক্ষাৎকার।

অক্ষয় খান্না
শেষ আপডেট: 28 December 2025 15:38
দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর অভাবনীয় সাফল্যের পর থেকে টিনসেল টাউনের আলোচনার কেন্দ্রবিন্দুতে অক্ষয় খান্না (Akshaye Khanna)। ছবিতে ‘রহমান বালোচ’-এর চরিত্রে তাঁর অভিনয় দেখে মুগ্ধ দর্শক ও সমালোচক উভয়ই। তবে এই সাফল্যের আবহে তাঁর একটি পুরোনো সাক্ষাৎকার সমাজমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে বলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছিলেন তিনি।
শোনা যাচ্ছে, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম ৩’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অক্ষয়। সূত্রের খবর, মনের মতো পারিশ্রমিক না পাওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। বর্তমানে তাঁর চাহিদা ও প্রশংসা তুঙ্গে থাকায় তিনি নিজের পারিশ্রমিকও বাড়িয়েছেন। পাশাপাশি শোনা যাচ্ছে, আসন্ন কাজের ক্ষেত্রে পরচুলা (Wig) পরে অভিনয় করার দাবিও জানিয়েছেন তিনি।
ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় অন্তরালে ছিলেন অক্ষয়। সেই সময়ে একটি সাক্ষাৎকারে তিনি নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে স্পষ্ট কথা বলেছিলেন। ৫ বছরের পুরনো সেই সাক্ষাৎকারে অক্ষয়কে বলতে শোনা যায়, "অভিনেতা হওয়ার ইচ্ছা আর সুযোগ পাওয়ার মধ্যে অনেক ফারাক আছে।" তাঁর দাবি ছিল, সিনেমায় সুযোগ পেতে গেলে ‘নেপোটিজম’ বা পরিবারতন্ত্র কাজ দেয়। সেই সময় বলিউড যে কতটা পরিবারতন্ত্র নির্ভর ছিল এবং এই কারণেই যে তিনি দীর্ঘদিন কাজ পাননি, সেই আক্ষেপও ঝরে পড়েছিল তাঁর কথায়।
অতীতের কঠিন সময় কাটিয়ে অক্ষয় এখন বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ‘ধুরন্ধর’ ছবিতে রহমান বালোচের চরিত্রে তাঁর অভিনয় এতটাই সাবলীল যে দর্শকরা এখন তাঁর পরবর্তী প্রজেক্টের অপেক্ষায় দিন গুনছেন। তবে ‘দৃশ্যম ৩’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ভক্তদের কিছুটা হতাশ করলেও তাঁর ক্যারিয়ারের বর্তমান গ্রাফ এখন ঊর্ধ্বমুখী।