
শেষ আপডেট: 9 August 2023 12:15
দ্য ওয়াল ব্যুরো: ২০টি দৃশ্যে কাঁচি চালানোর পাশাপাশি ‘এ’ তকমা দিয়ে ‘ওএমজি ২’ (OMG 2) ছবিকে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। কিন্তু তারপরেও যেন বিপদ কাটছে না। এবার অক্ষয়ের (Akshay Kumar) ছবির নির্মাতাদের আইনি নোটিস পাঠালেন উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের (Mahakaleshwar Temple) পুরোহিত। তাঁদের দাবি, ছবি থেকে মহাকালেশ্বর মন্দিরে শ্যুট করা সমস্ত দৃশ্য সরিয়ে দিতে হবে।
মন্দিরের পুরোহিত মহেশ শর্মা বলেন, “অক্ষয় কুমারের ‘ওএমজি ২’ নিয়ে আমরা প্রথম থেকেই বিরোধিতা জানিয়ে আসছি। কারণ, মিডিয়ায় প্রথম থেকেই আমরা শুনে আসছি যে এই ছবিতে বহু অপ্রীতিকর দৃশ্য রয়েছে। এই কারণে সেন্সর বোর্ডও ২০টি দৃশ্য বাদ দিয়েছে। এখন আমরা চাই, ছবি থেকে মহাকালেশ্বর মন্দিরের সমস্ত দৃশ্য বাদ দিতে হবে। এই দাবি জানিয়ে নির্মাতাদের চিঠি পাঠানোর পাশাপাশি জেলা কালেক্টরের কাছেও একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।”
তাঁদের দাবি মেনে দৃশ্যগুলি সরানো না হলে পরিচালক, প্রযোজকদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস করার হুমকিও দেওয়া হয়েছে মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতদের তরফে। শুধু তাই নয়। বলা হয়েছে, ওই জেলায় ছবির মুক্তিও বন্ধ করতে হবে। কালেক্টরকে দেওয়া সেই স্মারকলিপিতে পুরোহিতরা একথা বলেছেন যে, ‘জেলা থেকে ছবির মুক্তি আটকাতে হবে। তা না হলে আমরা প্রয়োজনে হাইকোর্টে যাব এবং গোটা দেশ থেকেই ছবিটি নিষিদ্ধ করার দাবি জানাব।”
সূত্রের খবর, ‘অল ইন্ডিয়া পূজারি মহাসঙ্ঘ’-এর হয়ে আইনজীবী অভিলাষ ব্যাস এই নোটিসটি পাঠিয়েছেন ছবির পরিচালক অমিত রাই, প্রযোজক বিপুল শাহ ও চন্দ্রপ্রকাশ দ্বিবেদী এবং অভিনেতা অক্ষয় কুমারের কাছে। এছাড়া সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন যোশীকেও এই চিঠিটি পাঠানো হয়েছে। তবে নির্মাতারা এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।
সেন্সর বোর্ডের গেরো পেরিয়ে এ সার্টিফিকেট ‘ওএমজি ২’র, সাদামাটা ভাবেই বেরোবে ট্রেলার