‘হেরা ফেরি থ্রি’ নিয়েই এখন বলিপাড়ায় সবচেয়ে বেশি চর্চা। প্রথমে শোনা গিয়েছিল, ছবিতে থাকছেন না অক্ষয় কুমার। তারপর আচমকাই নিশ্চিত হয়, ‘খিলাড়ি’ থাকছেন পুরনো চরিত্রে।

‘হেরা ফেরি থ্রি’
শেষ আপডেট: 26 July 2025 19:48
দ্য ওয়াল ব্যুরো: ‘হেরা ফেরি থ্রি’ নিয়েই এখন বলিপাড়ায় সবচেয়ে বেশি চর্চা। প্রথমে শোনা গিয়েছিল, ছবিতে থাকছেন না অক্ষয় কুমার। তারপর আচমকাই নিশ্চিত হয়, ‘খিলাড়ি’ থাকছেন পুরনো চরিত্রে। কিন্তু তখনই আসে আরেক ঝটকা—শোনা যায়, ছবিটি ছেড়ে দিয়েছেন পরেশ রাওয়াল। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে বলে জল্পনা ছড়ায়। এবার ফের খবর, সব গুছিয়ে ছবিতেই থাকছেন পরেশ। এত ওঠা-পড়া দেখে প্রশ্ন উঠেছে, তবে কি সবটাই একটা পাবলিসিটি স্টান্ট?
এবার এই নিয়ে স্পষ্ট মন্তব্য করলেন স্বয়ং অক্ষয় কুমার। তাঁর কথায়, “না, এটা কোনও পাবলিসিটি স্টান্ট নয়। এটা সত্যি সত্যি একটা আইনি বিষয় ছিল। এবং তা আইনি ভাবেই মিটে গেছে। এখন সব ঠিক আছে।” সঙ্গে তিনি যোগ করেন, “হ্যাঁ, কিছু উত্থান-পতন হয়েছিল ঠিকই। তবে আমরা সবাই এখন একসঙ্গে আছি। শিগগিরই ঘোষণা করব।”
অর্থাৎ, পুরনো ‘হেরা ফেরি’ টিমের পুনর্মিলন প্রায় নিশ্চিত। এর আগে জানা গিয়েছিল, অক্ষয়, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল একটি বিশেষ ঘোষণার ভিডিয়ো শ্যুট করেছিলেন, যেটি আইপিএলের সময় দেখানো হবে বলে পরিকল্পনা ছিল। যদিও শেষ পর্যন্ত তা আর সম্প্রচার হয়নি।
প্রসঙ্গত, ‘হেরা ফেরি থ্রি’র পরিচালনায় থাকছেন প্রথম ছবির পরিচালক প্রিয়দর্শন। যদিও এখনও ছবির মুখ্য অভিনেত্রীদের নাম জানা যায়নি। এই সিনেমা ছাড়াও অক্ষয় কুমারকে শিগগিরই দেখা যাবে ‘ভূত বাংলো’, ‘জলি এলএলবি থ্রি’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ‘হাইওয়ান’-এর মতো ছবিতে।