ওয়ার্ক-লাইফ ব্যালেন্স কি এখন বলিউডে নতুন টপিক? দীপিকা পাড়ুকোনের ‘স্পিরিট’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা এবার ছড়িয়ে পড়েছে বলিপাড়ার অন্দরে।

দীপিকা পাড়ুকোন ও ফারহা খান
শেষ আপডেট: 26 July 2025 18:27
দ্য ওয়াল ব্যুরো: ওয়ার্ক-লাইফ ব্যালেন্স কি এখন বলিউডে নতুন টপিক? দীপিকা পাড়ুকোনের ‘স্পিরিট’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা এবার ছড়িয়ে পড়েছে বলিপাড়ার অন্দরে। শোনা গিয়েছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবিতে ৮ ঘণ্টার শুটিংয়ের স্পষ্ট শর্ত দিয়েছিলেন দীপিকা। কিন্তু সেই দাবি মানতে নারাজ ছিলেন পরিচালক। ফলে কাজ ছেড়ে দেন দীপিকা। আর সেই জায়গা দখল করেন তৃপ্তি দিমরি।
এই ঘটনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তারই মাঝে এবার মুখ খুললেন পরিচালক-করিওগ্রাফার ফারহা খান। দীপিকার ঘনিষ্ঠ বলেই দীর্ঘদিন পরিচিত ফারাহ সম্প্রতি এক ভ্লগে অভিনেত্রী রাধিকা মদনের সঙ্গে আলাপচারিতায় বললেন এমন কিছু কথা, যা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
রাধিকা তাঁর প্রথম ধারাবাহিক ‘মেরি আশিকি তুমসে হি’-র অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে বলেন, ‘‘ক্যামেরা অন হওয়া মাত্রই নিজেকে খুব নিরাপদ মনে হয়েছিল। লুক টেস্ট চলেছে মাত্র তিন দিন, দু’দিনের মাথায় শুটিং শুরু।’’ তার উত্তরে ফারহা খান বলেন, ‘‘তখন তো ৮ ঘণ্টার শিফট হত না, তাই না?’’ আর তারপরেই বলেন, ‘‘এভাবেই সোনা তৈরি হয়।’’
তাঁর এই মন্তব্যকে অনেকে বলছেন, দীপিকার সাম্প্রতিক দাবির প্রতি পরোক্ষ খোঁচা। তাহলে কি পুরনো সম্পর্কেও জমেছে বরফ? দীপিকার ৮ ঘণ্টার শিডিউল পছন্দ না হওয়ার কথা যাঁরা বলছেন, তাঁদের কথার সঙ্গে ফারহার কথার মিল থাকায় নতুন করে গুঞ্জন জোরালো হয়েছে—বন্ধুত্বে কি তাহলে ছেদ পড়েছে? এই প্রশ্নের উত্তর এখনও অধরাই।