অভিষেক বচ্চনের ৫০তম জন্মদিনে ঐশ্বর্যার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় তাঁদের সম্পর্ক।

অভিষেক-ঐশ্বর্যা
শেষ আপডেট: 6 February 2026 14:14
দ্য ওয়াল ব্যুরো: ৫ ফেব্রুয়ারি, বচ্চন পরিবারের ক্যালেন্ডারে দিনটি নিঃসন্দেহে বিশেষ। এই দিনেই জীবনের হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন ‘জুনিয়র বি’ অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। তবে জন্মদিনের আনন্দের আবহে সব আলো কেড়ে নিল স্ত্রী ঐশ্বর্যা রাই বচ্চনের একটি ছোট্ট কিন্তু অর্থপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট। দীর্ঘদিন ধরে অভিষেক-ঐশ্বর্যার বিবাহবিচ্ছেদ নিয়ে যে জল্পনা চলছিল, সেই সমস্ত গুঞ্জনে যেন ইতি টানল ঐশ্বর্যার এই শুভেচ্ছাবার্তা।
স্বামীর জন্মদিনে ঐশ্বর্যা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন ছোটবেলার অভিষেকের একটি ছবি। ক্যাপশনে লেখেন, ‘বেবি-পাপা তোমাকে জানাই অফুরন্ত ভালবাসা, শান্তি এবং আনন্দ। শুভ ৫০তম জন্মদিন!’
এই পোস্টে ব্যবহৃত ‘ভালবাসা’ এবং ‘শান্তি’—এই দুই শব্দ নেটদুনিয়ায় বিশেষভাবে নজর কেড়েছে। অনেকেই মনে করছেন, সম্পর্কের টানাপোড়েনের সমস্ত জল্পনা এখন অতীত। ২০০৭ সালে বিয়ের পর থেকে দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবনে প্রতিবারই অভিষেকের জন্য ‘সুস্বাস্থ্য ও সমৃদ্ধি’র কামনা করেছেন ঐশ্বর্যা।
বাবা হিসেবে অভিষেকের সঙ্গে কন্যা আরাধ্যার সম্পর্কও ভীষণ আদুরে। খবর অনুযায়ী, বাবার জন্মদিনে আরাধ্যা নিজে হাতে তৈরি একটি শুভেচ্ছা কার্ড উপহার দিয়েছে। ছেলের জন্মদিনে অনুরাগীদের অফুরন্ত শুভেচ্ছায় আপ্লুত অমিতাভ বচ্চনও। নিজের ব্লগে তিনি লেখেন, ‘অভিষেকের ৫০তম জন্মদিনে যারা শুভেচ্ছা পাঠিয়েছেন, তাঁদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালবাসা। আপনাদের আশীর্বাদ ওকে এগিয়ে যাওয়ার সাহস ও শক্তি জোগায়।’
উল্লেখযোগ্যভাবে, বিচ্ছেদের সমস্ত গুঞ্জন উড়িয়ে গত বছরও বড়দিন ও নতুন বছরের ঠিক আগে অভিষেক, ঐশ্বর্যা ও আরাধ্যাকে একসঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। এমনকি ২০২৫ সালের আগস্ট মাসেও তাঁরা সপরিবারে ছুটি কাটাতে যান। বারবার একসঙ্গে পারিবারিক ভ্রমণই প্রমাণ করে, বচ্চন দম্পতির সম্পর্ক আজও অটুট।
কাজের দিক থেকে, ঐশ্বর্যা রাইকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল মণি রত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান: ২’ (২০২৩) ছবিতে। আপাতত নতুন কোনও ছবির ঘোষণা না করলেও তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। অন্যদিকে, সম্প্রতি ‘কালিধর লাপাতা’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিষেক বচ্চন। তবে তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় চমক আসতে চলেছে খুব শিগগিরই—সিদ্ধার্থ আনন্দের আগামী ছবি ‘কিং’-এ শাহরুখ খান ও সুহানা খানের সঙ্গে দেখা যাবে তাঁকে।