কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ফের চর্চার কেন্দ্রে ঐশ্বর্যা রাই বচ্চন। তবে এ বার তাঁর পোশাকের সৌন্দর্যের পাশাপাশি নজর কেড়েছে তাঁর সাজ।

ঐশ্বর্যা রাই বচ্চন
শেষ আপডেট: 23 May 2025 14:14
দ্য ওয়াল ব্যুরো: কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ফের চর্চার কেন্দ্রে ঐশ্বর্যা রাই বচ্চন। তবে এ বার তাঁর পোশাকের সৌন্দর্যের পাশাপাশি নজর কেড়েছে তাঁর সাজ। গৌরব গুপ্তার ডিজাইন করা কালো গাউনের সঙ্গে ধূসর কেপেতে ভগবৎ গীতার শ্লোক খোদাই করা রয়েছে। আর সেই শ্লোকই নজর কেড়েছে দর্শকের।
কেপটির উপর খোদাই ছিল সংস্কৃত শ্লোক—
“কর্মণ্যেবাধিকারের্তে মা ফলেষু কদাচন।
মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গোস্ত্বকর্মণি॥”
অর্থাৎ, “তোমার অধিকার কেবল কর্মে, ফলের ওপর নয়। কর্মফলের প্রতি মোহ রেখো না এবং নিষ্ক্রিয়তায়ও আসক্ত হয়ো না।”
ডিজাইনার গৌরব গুপ্তা জানিয়েছেন, বারাণসীতে তৈরি করা হয়েছে এই ব্রোকেড কাপড়। আর তাতেই খোদাই করা শ্লোকটি ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরে। তাঁর কথায়, “এটি কেবল একটি পোশাক নয়, বরং ভারতের আত্মিক বোধ।”
ঐশ্বর্যার এবারের সাজ শুধু চোখধাঁধানো গ্ল্যামারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। রেড কার্পেটে দাঁড়িয়ে তিনি যেন নিঃশব্দে ভারতের পুরনো সংস্কৃতি ও ভাবনার প্রতিচ্ছবি তুলে ধরলেন। খোলা কালো চুল, গাঢ় লাল লিপস্টিক আর কম গয়না। সবকিছু নিয়ে তিনি রেড কার্পেটে একেবারে আত্মবিশ্বাসে ভরপুর। তাঁর উপস্থিতিতেই ফুটে উঠল ভগবৎ গীতার সেই বার্তা—কর্ম করো, ফলের আশা কোরো না।

রেড কার্পেটের প্রথম দিনেও নজর কেড়েছিলেন ঐশ্বর্যা, মনীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে। তবে সেদিন সবচেয়ে বেশি নজর গিয়েছিল তাঁর সিঁথিভরা সিঁদুরে। অনেকে মনে করছেন, সাম্প্রতিক গুঞ্জনের জবাব হিসেবে এই লুক ছিল এক ধরনের বার্তা, যেন এক ‘অপারেশন সিঁদুর’। ঐশ্বর্যার সঙ্গে এদিন রেড কার্পেটে ছিলেন তাঁর মেয়ে আরাধ্যাও। কালো পোশাকে মায়ের হাত ধরে হাঁটছিল ছোট্ট আরাধ্যা। সেই দৃশ্য যেন একদিকে ভারতের ঐতিহ্য, অন্যদিকে ভবিষ্যতের প্রতীক।