কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে ঐশ্বর্যা রাই বচ্চন নজর কাড়লেন গৌরব গুপ্তর ডিজাইন করা তারাভরা কালো গাউনে। গাউন, সাজ এবং মঞ্চসজ্জা মিলিয়ে তৈরি হল এক অপূর্ব রূপকথার মুহূর্ত।

ঐশ্বর্যা রাই।
শেষ আপডেট: 23 May 2025 08:45
দ্য ওয়াল ব্যুরো: প্রথম দিনে ঐশ্বর্যা রাই বচ্চনের ঝলমলে সাদা বেনারসি সাজে মুগ্ধ হয়েছিল বিশ্ব। পরদিন, তিনি যেন একেবারে নতুন রূপে আবির্ভূত হলেন কানের লাল গালিচায়। ঠিক যেন এক রূপকথার রাত্রি। এইদিন ঐশ্বর্যার পরনে ছিল এক নিশ্ছিদ্র কালো ভেলভেটের গাউন, যা বানিয়েছেন ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্ত।
তারায় ভরা নিস্তব্ধ পাহাড়ি রাতের আকাশের মতোই ঐশ্বর্যার গাউনজুড়ে ছিল হিরের কুচির মতো চকচকে সিকুইনের কাজ। সেই সঙ্গে জড়িয়ে থাকা দীর্ঘ রুপোলি স্টোলটি যেন তৈরি করেছিল এক নাটকীয় ছায়া। স্টোলটি ছিল বেনারসি বুননের ঠাসা নকশা কাজ করা। একান্তভাবেই ভারতীয় ঐতিহ্যের ছোঁয়ায় সমৃদ্ধ।
এই অনবদ্য পোশাকের পাশাপাশি চোখে পড়েছে ঐশ্বর্যার সাজগোজের পরিবর্তন। প্রথম দিন যেখানে তিনি সিঁথিতে সিঁদুর পরে ট্র্যাডিশনাল লুকে এসেছিলেন, দ্বিতীয় দিন তিনি পুরোপুরি পাশ্চাত্য সাজে ধরা দিলেন। সাহসী ও আত্মবিশ্বাসী। খোলা বাদামি ঢেউ খেলানো কাঁধ ছোঁয়া চুলের সঙ্গে সিগনেচারমাফিক টকটকে লাল ঠোঁট মিনিমাল মেকআপে ফুটে ওঠে অনন্য এক সৌন্দর্য।
এই বছর কানের মঞ্চে গৌরব গুপ্তের পোশাক শুধু ঐশ্বর্যাই পরেননি। হলিউড অভিনেত্রী হ্যাল বেরিও গৌরবেরই এক আধুনিক ডিজাইন পরেছেন। কিন্তু ঐশ্বর্যার কালো গাউন ছিল অনেকটাই ক্লাসিক হলিউড ঘরানার ছোঁয়ায় গড়া, যেন পুরনো দিনের চলচ্চিত্র থেকে উঠে আসা কোনও রাজকন্যা।
প্রতিবছরই ঐশ্বর্যা দু’বার কানের রেড কার্পেটে হাঁটেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। আর প্রতি বছর যেমন দেখা যায়, তেমনই এ বছরও মেয়ে আরাধ্যা রাই বচ্চনকে সঙ্গে নিয়েই এসেছেন মা ঐশ্বর্যা। সাজ, তাঁর ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস— সব মিলিয়ে কানের দর্শকদের সামনে যেন এক আলাদা জ্যোতি ছড়িয়ে দিলেন বলিউডের এই রূপসী।
এই বিশেষ মুহূর্ত শুধু ফ্যাশনের নয়, এটি ছিল সাংস্কৃতিক মেলবন্ধনেরও। ভারতীয় ঐতিহ্য আর আন্তর্জাতিক স্টাইল যেন একসূত্রে মিলে গেছে ঐশ্বর্যার মাধ্যমে। ঐশ্বর্যার উপস্থিতি কানে বরাবরই চর্চার বিষয়। এবারেও তাঁর কালো গাউনের মাধ্যমে রীতিমতো এক নতুন মানদণ্ড স্থাপন করলেন তিনি।