ব্র্যাড পিটের ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ও উইল স্মিথের ‘হ্যানক’—দুটি বড় হলিউড অফার ফিরিয়েছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন।

উইল স্মিথ, ঐশ্বর্যা রাই, ব্র্যাড পিট
শেষ আপডেট: 19 November 2025 19:36
দ্য ওয়াল ব্যুরো: শুধু বলিউড নয়, আন্তর্জাতিক মঞ্চেও নিজের দক্ষতায় নজর কেড়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন। ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’ বা ‘মিস্ট্রেস অফ স্পাইসেস’—হলিউডেও তাঁর উপস্থিতি বরাবরই প্রশংসিত। কিন্তু আপনি কি জানেন, তাঁর হাতে আরও দু’টি বিশাল হিট যোগ হতে পারত? ব্র্যাড পিট ও উইল স্মিথের বিপরীতে কাজ করার সুযোগ এসেছিল তাঁর কাছে। কিন্তু শেষমেষ নিজেই সেই সুযোগ হাতছাড়া করেন তিনি। কারণ, চুম্বন দৃশ্যে অস্বস্তি।
২০০০ দশকের শুরুতে ঐশ্বর্যার কাছে আসে ডগ লাইম্যানের বিখ্যাত অ্যাকশন–রোম্যান্স ফিল্ম ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’–এর অফার। ব্র্যাড পিটের বিপরীতে মুখ্য চরিত্রে দেখা যাওয়ার কথা ছিল তাঁকে।
তবে শোনা যায়, ছবিতে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ও কয়েকটি লিপলকের মুহূর্ত ছিল। ঐশ্বর্যা সে ধরনের অন্তরঙ্গ সিকোয়েন্সে স্বচ্ছন্দ ছিলেন না। একজন মহিলা গুপ্তচরের গল্প হয়েও এত চুম্বনের প্রয়োজনীয়তা তিনি অনুভব করেননি। তাই প্রস্তাবটি সযত্নেই ফিরিয়ে দেন তিনি।
ফল? তাঁর জায়গায় নির্বাচিত হন আর এক সুপারস্টার—অ্যাঞ্জেলিনা জোলি। ছবিটি বিশ্বব্যাপী ব্লকবাস্টার হিট হয় এবং ব্র্যাড-অ্যাঞ্জেলিনার রসায়ন নিয়ে তৈরি হয় অন্য ইতিহাস। এর পরেও ঐশ্বর্যার সামনে আসে আরও একটি বড় সুযোগ। উইল স্মিথের সঙ্গে ‘হ্যানক’-এ অভিনয়ের প্রস্তাব পান তিনি।
কিন্তু এখানেও বাধা হয়ে দাঁড়ায় একই বিষয়—অন্তরঙ্গ দৃশ্য। ছবিতে রোম্যান্টিক টুইস্টে থাকা একাধিক কিসিং সিনের কারণে তিনি শেষ পর্যন্ত প্রকল্পটি থেকে নিজেকে সরিয়ে নেন। ফলে বলিউড ডিভাকে পাওয়া যায়নি উইল স্মিথের বিপরীতেও।