ঐশ্বর্যা-অভিষেকের বিয়েতে জয়া-অমিতাভের দেওয়া ৪৫ লাখ টাকার উপহারটা কী ছিল জানেন?

অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই
শেষ আপডেট: 28 September 2025 15:29
দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাইয়ের বিয়ে নিয়ে এখনও কথা হয় বলিউডে। বচ্চন পরিবারের একমাত্র পুত্রবধূকে সেই সময় নানা বহুমূল্য উপহারে ভরিয়ে দেওয়া হয়েছিল। তবে সব উপহারের মধ্যে যেটি সবচেয়ে বেশি নজর কেড়েছিল, তা হল ঐশ্বর্যার গলার মঙ্গলসূত্র।
শোনা যায়, জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন তাঁদের প্রিয় পুত্রবধূ ঐশ্বর্যাকে যে হিরের মঙ্গলসূত্র উপহার দিয়েছিলেন, তার দাম সেই সময় ছিল প্রায় ৪৫ লক্ষ টাকা। পারিবারিক সম্পর্ক তখন খুব ভাল থাকায় আদরের বৌমার জন্য এমন বহুমূল্য উপহার দেন বচ্চন পরিবার।
বিয়ের প্রথম কয়েক বছর ঐশ্বর্যাকে বিভিন্ন অনুষ্ঠানে বেশ গর্বের সঙ্গেই সেই মঙ্গলসূত্র পরতে দেখা গিয়েছিল। তবে কিছু বছর পর ঐশ্বর্যাকে আর এই মঙ্গলসূত্র পরতে দেখা যায়নি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন যে, সন্তান হওয়ার পর নিজেকে অতিরিক্ত গয়না দিয়ে মুড়ে রাখার বিরোধী তিনি। তাই তিনি গলার হার পরা বন্ধ করেন।
তবে নিয়মের ব্যতিক্রমও ঘটেছিল। যখন অভিষেক ও ঐশ্বর্যার বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে, ঠিক সেই সময়েই ঐশ্বর্যা একটি ফ্যাশন উইকে মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হন। আর সেখানেই তাঁর গলায় দেখা যায় সেই রত্ন খচিত মঙ্গলসূত্রটি। এই দৃশ্য দেখে ভক্তরা কিছুটা স্বস্তি পান। তাঁদের প্রিয় নায়িকার গলায় ওই হার দেখে তাঁরা ভেবেছিলেন, স্বামীর সঙ্গে সম্পর্কের সব গুঞ্জন মিথ্যা।
যদিও এই বিচ্ছেদের জল্পনা শেষ হতে বেশ কিছুদিন সময় লাগে। সম্প্রতি ঐশ্বর্যা একমাথা সিঁদুর পরে রেড কার্পেটে হাজির হলে সেই সব জল্পনায় চূড়ান্ত ইতি টানেন এবং ভক্তদের মধ্যে স্বস্তি ফেরান।