১৯ অগস্ট, ষষ্ঠীপুজোর দিনেই হল নামকরণ। একরত্তিকে কোলে নিয়ে সেই মুহূর্ত ভাগ করে নিলেন অহনা।

শেষ আপডেট: 19 August 2025 16:05
দ্য ওয়াল ব্যুরো: মা হওয়ার সুখবর আগেই দিয়েছিলেন। মাস ঘুরতেই এবার মেয়ের নাম প্রকাশ্যে আনলেন ছোটপর্দার মিশকা। অভিনেত্রী অহনা দত্ত ও তাঁর স্বামী দীপঙ্কর রায় তাঁদের কন্যাসন্তানের নাম রেখেছেন মীরা।
১৯ অগস্ট, ষষ্ঠীপুজোর দিনেই হল নামকরণ। একরত্তিকে কোলে নিয়ে সেই মুহূর্ত ভাগ করে নিলেন অহনা। তবে এই নাম শুধু সুন্দর নয়, তা জড়িয়ে রেখেছে আবেগও।
কিছু মাস আগেই মাকে হারান দীপঙ্কর। দীপঙ্করের প্রয়াত মায়ের নাম ছিল মীরা। তাই ঠাকুমার নামেই নতুন জীবন শুরু হল ছোট্ট মেয়ের। পরিবারের বিশ্বাস, এই শিশুর মধ্যেই বেঁচে থাকবেন তাঁদের প্রিয়জন।
অহনার পোস্টে স্পষ্ট, মাতৃত্বের নতুন অভিজ্ঞতায় তিনি আবেগে ভেসে যাচ্ছেন। কয়েকদিন আগেও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন গর্ভাবস্থার নানান ঝলক—কখনও রান্না, কখনও স্বামীর সঙ্গে মজার রিল। এখন তাঁর সবটুকু সময় কেবল একরত্তিকে ঘিরে।
মাত্র ২১ বছর বয়সেই মা হলেন অহনা। দর্শকের কাছে তাঁর চরিত্র ‘মিশকা’ যতটা জনপ্রিয়, বাস্তবের এই ভূমিকা এখন তার থেকেও বড়। নতুন মীরা রায়ের আগমনে আনন্দে ভরে উঠেছে তাঁদের সংসার। শুটিং থেকে আপাতত ব্রেক নিলেও খুব জলদিই কাজে ফিরবেন তিনি।