অনুষ্ঠানের আগে থেকেই প্রস্তুতির নানা মুহূর্ত শেয়ার করে নিয়েছিলেন অহনা। জানানো হয়েছিল, সকালবেলার পুজো সেরে সমস্ত নিয়ম মেনেই হবে মুখে ভাত। সেই মতোই সময়ে সময়ে সবটা সারলেন অহনা।

শেষ আপডেট: 22 February 2026 18:07
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)-র পরিবারে রবিবার ছিল উৎসবের আমেজ। ২২ ফেব্রুয়ারি, ছ’মাস পূর্ণ করতেই ছোট্ট মীরার অন্নপ্রাশনের অনুষ্ঠান হয়ে গেল। পরিবারের সদস্যদের উপস্থিতিতে, ঘরোয়া কিন্তু পরিপাটি আয়োজনে পালিত হল এই শুভ অনুষ্ঠান।
অনুষ্ঠানের আগে থেকেই প্রস্তুতির নানা মুহূর্ত শেয়ার করে নিয়েছিলেন অহনা। জানানো হয়েছিল, সকালবেলার পুজো সেরে সমস্ত নিয়ম মেনেই হবে মুখে ভাত। সেই মতোই সময়ে সময়ে সবটা সারলেন অহনা। সেই কারণেই মেনুতেও রাখা হয়েছিল সম্পূর্ণ নিরামিষ পদ। ছোট্ট মীরার থালা সাজানো হয় বাঙালি স্বাদের একাধিক পদ দিয়ে।
দ্য ওয়ালকে এদিন অহনা জানায়, ভোর ছ'টা থেকে শুরু হয়ে গিয়েছিল পুজো। কৃষ্ণ পুজো করে তবেই মেয়ের মুখে প্রসাদ দেওয়া হয়। এদিন মেনুতে ছিল, ফ্রায়েড রাইস, বাসন্তী পোলাও, ভাজাভুজি, ডাল, তরকারি, চাটনি, পাঁপড় থেকে শুরু করে পায়েস ও বিভিন্ন মিষ্টি। প্রথম ভাতের দিনটি তাই হয়ে উঠেছিল রীতিমতো ঐতিহ্য আর স্বাদের মেলবন্ধন।
সাজেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া। পোশাকে নামও লেখা ছিল মেয়ের। সাদা-লাল পোশাকে, মাথায় ছোট্ট মুকুট পরে সকলের নজর কাড়ে মীরা। পরিবারের আশীর্বাদে তার প্রথম ভাত খাওয়ানো হয়। নিয়ম মেনে স্নান ও অন্যান্য আচারও সম্পন্ন করা হয়।
অহনা এদিন পরেছিলেন অফ-হোয়াইট শাড়ি, আর দীপঙ্কর ছিলেন পাঞ্জাবি-পাজামায়। জীবনের নতুন অধ্যায়ে পা রাখা ছোট্ট মীরার এই দিনটি তাই হয়ে রইল স্মরণীয়। দীপঙ্করের কথায়, মেয়ে বড় হলে, এগুলো দেখানো হবে তাকে।