বাংলা ছবির জগতে সুপারস্টারদের তালিকা হলে একেবারে প্রথম দিকেই থাকবে জিতের নাম। বহু বছর ধরে তিনি সিলভার স্ক্রিনের উজ্জ্বল মুখ।

জিৎ সঙ্গে স্ত্রী মোহনা
শেষ আপডেট: 14 November 2025 15:36
দ্য ওয়াল ব্যুরো: বাংলা ছবির জগতে সুপারস্টারদের তালিকা হলে একেবারে প্রথম দিকেই থাকবে জিতের নাম। বহু বছর ধরে তিনি সিলভার স্ক্রিনের উজ্জ্বল মুখ। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে, বিশেষ করে স্ত্রী মোহনা মদনানি ছিলেন সম্পূর্ণ বিনোদন দুনিয়ার বাইরে।
একসময়ের পেশায় শিক্ষিকা, পরে ঘর ও পরিবার সামলানোই ছিল তাঁর প্রধান দায়িত্ব। সেই মোহনাই বিয়ের চোদ্দ বছর পর প্রথমবার পা রাখলেন শিল্পীসত্তার আরেক দিগন্তে— গায়িকা হিসেবে।
বাইরের কেউই জানতেন না, এতদিন ধরে লুকিয়ে ছিল মোহনাভর্তি এক সুরের ভুবন। জিতের স্ত্রী যে এমন অপূর্ব কণ্ঠের অধিকারিণী, তা প্রকাশ পেল হঠাৎই। নিজের প্রথম রেকর্ডিংয়ে তিনি বেছে নিয়েছেন ভক্তির পথ। রেকর্ড করলেন ভক্তিগীতি ‘ওম জয় জগদীশ হরে’— ভারতের অন্যতম জনপ্রিয় আরতি, উনবিংশ শতকে পণ্ডিত শারদা রাম ফিলাউরির সৃষ্ট এই গান আজও ঘরে-ঘরে শ্রদ্ধার সুর হয়ে বেজে ওঠে। মোহনাও বললেন, এই গান তাঁর ছোটবেলা থেকেই হৃদয়ের খুব কাছে।
মোহনার কথায়, “সংগীত সবসময়ই আমার হৃদয়ের খুব কাছাকাছি ছিল। এই সুযোগটা আমার কাছে কোনও পরিকল্পিত সিদ্ধান্ত নয়, বরং যেন এক ঐশ্বরিক ডাক। ‘ওম জয় জগদীশ হরে’ ছোট থেকেই গাই। এবার নিজের কণ্ঠে রেকর্ড করা— এ এক অদ্ভুত প্রশান্তির অভিজ্ঞতা।” তিনি আরও যোগ করেন, “শ্রীবিষ্ণুর আরতি দিয়ে আমার প্রথম গান শুরু— ব্যক্তিগত আর আধ্যাত্মিক দু’দিক থেকেই এক বিরল সৌভাগ্য। শ্রোতারা যদি আমার পাওয়া শান্তি আর ইতিবাচকতা অনুভব করতে পারেন, তবেই সার্থক হব।”
গানটি আপাতত মুক্তি পেয়েছে গ্রাসরুট জ্যোতি-র সব অফিসিয়াল প্ল্যাটফর্মে— জিতের নিজস্ব প্রযোজনা সংস্থা। আর গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে প্রশংসায়। জিতের ফ্যানরা মুগ্ধ মোহনাকে শুনে, অনেকে তো দাবি তুলেছেন— জিতের পরের ছবিতে নায়কের পাশাপাশি যেন জায়গা পায় তাঁর স্ত্রীর গানও।
জিৎ–মোহনা দম্পতির কন্যা নবন্যা মাদনানিও এর আগেই সঙ্গীত জগতে ছোট্ট পা ফেলেছে। বছর খানেক আগে বোন কৃষাকে সঙ্গে নিয়ে ‘ক্রিসমাস ইভ’ গানটি রেকর্ড করেছিল সে।
নবন্যার পর এবার যেন মায়েরও নিজস্ব ডানা মেলবার সময় এল। ১৪ বছরের নীরবতার পর প্রকাশ পেল সুরে সাজানো এক নতুন মোহনা— যার যাত্রা শুরু হলো ভক্তির সুরে, শান্তির আলোয়।