Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

গার্হস্থ্য হিংসার অভিযোগে বিতর্ক, পাল্টা প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন কুমার শানু—ক্ষতিপূরণে কত টাকার দাবি?

চার দশকেরও বেশি সময় ধরে যাঁর কণ্ঠে প্রেম, বিরহ আর স্বপ্নের রং মিশে রয়েছে, সেই কুমার শানুর জীবন হঠাৎ করেই ঢেকে গেল অভিযোগ আর পাল্টা অভিযোগের অন্ধকারে। 

গার্হস্থ্য হিংসার অভিযোগে বিতর্ক, পাল্টা প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন কুমার শানু—ক্ষতিপূরণে কত টাকার দাবি?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 18 December 2025 12:05

দ্য ওয়াল ব্যুরো: চার দশকেরও বেশি সময় ধরে যাঁর কণ্ঠে প্রেম, বিরহ আর স্বপ্নের রং মিশে রয়েছে, সেই কুমার শানুর জীবন হঠাৎ করেই ঢেকে গেল অভিযোগ আর পাল্টা অভিযোগের অন্ধকারে। মঞ্চের আলো, শ্রোতাদের হাততালি আর সাফল্যের উজ্জ্বলতার আড়ালে যে এক গভীর ব্যক্তিগত ক্ষত লুকিয়ে ছিল, তা কয়েক মাস আগেই প্রকাশ্যে আসে তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের একাধিক বিস্ফোরক অভিযোগে। সেই অভিযোগের প্রতিধ্বনি এবার পৌঁছল বম্বে হাইকোর্ট পর্যন্ত—যেখানে গায়ক নিজেই দাঁড়ালেন মানহানির মামলা নিয়ে।


কিছু মাস আগে রীতা ভট্টাচার্য সংবাদমাধ্যমে মুখ খুলে দাবি করেছিলেন, দাম্পত্য জীবনে তাঁকে চরম মানসিক ও শারীরিক অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, অন্তঃসত্ত্বা অবস্থাতেও দিনের পর দিন তাঁকে না খাইয়ে রাখা হতো। সন্তানের জন্মের পরেও সেই অবস্থা বদলায়নি। এমনকি ছেলের জন্য অর্থ চাইতে গেলে তাঁকে অপমানের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। রীতার কথায় উঠে এসেছিল আরও ভয়াবহ ছবি—নিরাপত্তাহীনতার অজুহাতে তাঁকে ঘরের মধ্যে আটকে রাখা, একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়া, এমনকি সন্তানদের খাবার পাওয়ার পথ পর্যন্ত আগেভাগেই বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করার অভিযোগও।


এই সমস্ত বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে বিনোদন দুনিয়া। দীর্ঘ সময় চুপ করে থাকার পর অবশেষে আইনের দ্বারস্থ হন কুমার শানু (Kumar Sanu)। প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে তিনি বম্বে হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেন এবং ক্ষতিপূরণ হিসেবে দাবি করেন ৩০ লক্ষ টাকা। তাঁর অভিযোগ, রীতার বক্তব্যের জেরে তাঁর বহু বছরের গড়ে তোলা সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পেশাগত মহলে তাঁকে লজ্জার মুখে পড়তে হচ্ছে, মানসিক চাপে দিন কাটছে এবং আর্থিক দিক থেকেও তিনি বিপর্যস্ত হয়ে পড়ছেন।


১৭ ডিসেম্বর এই মামলার শুনানিতে গায়ক স্পষ্টভাবে জানান, শুধুমাত্র ক্ষতিপূরণই নয়—রীতার দেওয়া সেই সব সাক্ষাৎকার, যেখানে তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে, সেগুলি দ্রুত সরিয়ে দেওয়ার আবেদনও তিনি করেছেন। তাঁর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী সানা রাইস খান, যিনি ‘বিগ বস ১৭’-এর প্রতিযোগী হিসেবেও পরিচিত। সানার বক্তব্য অনুযায়ী, রীতা একাধিক জনপ্রিয় বিনোদন প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দিয়ে দাবি করেছিলেন যে গর্ভাবস্থায় তাঁকে খাবার, দুধ, এমনকি প্রয়োজনীয় ওষুধও দেওয়া হতো না; রান্নাঘরে আটকে রাখা হতো; আর সেই কারণেই তাঁকে তখনই আদালতের দ্বারস্থ হতে হয়েছিল।


এই মামলায় উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের সময় দুই পক্ষই একটি চুক্তিতে সই করেছিলেন, যেখানে স্পষ্ট লেখা ছিল—ভবিষ্যতে কেউ কারও বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তুলবেন না। কুমার শানুর আইনজীবীর দাবি, রীতার সাম্প্রতিক মন্তব্য সেই দুই দশক আগের চুক্তির সরাসরি লঙ্ঘন। উল্লেখযোগ্যভাবে, রীতার সাক্ষাৎকারগুলি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ভাইরাল হওয়ার পরই, ২৭ সেপ্টেম্বর কুমার শানু আইনি নোটিশ পাঠান তাঁকে এবং সেই সব প্ল্যাটফর্মকেও, যারা এই বক্তব্য প্রকাশ করেছিল। তখনই জানিয়ে দেওয়া হয়, সাক্ষাৎকার সরানো না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।


এই বিতর্কের মাঝেই নতুন করে আলোচনায় আসে গায়কের প্রাক্তন প্রেমিকা, অভিনেত্রী কনিকা সদানন্দের নাম। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনিও কুমার শানুকে নিয়ে কিছু তীব্র মন্তব্য করেন। যদিও সেই প্রসঙ্গে গায়ক কোনও প্রতিক্রিয়া জানাননি, তবু প্রাক্তন স্ত্রীর তোলা অভিযোগ তিনি কোনওভাবেই মেনে নিতে পারছেন না—সেটাই স্পষ্ট তাঁর আইনি লড়াইয়ে।
সময়ের হিসেবে কুমার শানু ও রীতা ভট্টাচার্যের পথ আলাদা হয়েছে দুই দশকেরও বেশি আগে। তাঁদের সেই সম্পর্কের স্মৃতিচিহ্ন হিসেবে রয়েছেন একমাত্র সন্তান জান কুমার শানু, যিনি ‘বিগ বস ১৪’-এর প্রতিযোগী হিসেবে দর্শকের নজর কেড়েছিলেন। কিন্তু অতীতের সেই অধ্যায় যেন হঠাৎ করেই ফিরে এসে বর্তমানকে আলোড়িত করে দিল।


```