ডিভোর্সের এক বছর পর ফের আলোচনায় হার্দিক পান্ডিয়া। ভাইরাল হয়েছে তাঁর ও মডেল মাহিকা শর্মার রোমান্টিক ভিডিও।

হার্দিক পান্ডিয়া ও মাহিকা শর্মা
শেষ আপডেট: 5 November 2025 18:21
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট টিমের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন ফের আলোচনার কেন্দ্রে। কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন তিনি। সেই ছবিগুলিতে উপস্থিত ছিলেন তাঁর চর্চিত সঙ্গিনী, মডেল মাহিকা শর্মাও। আর সেখান থেকেই শুরু নতুন জল্পনা, তবে কি সম্পর্কের নতুন অধ্যায় শুরু করলেন হার্দিক?
সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হার্দিক ও মাহিকার একটি রোমান্টিক ভিডিও। নিজস্ব ইনস্টাগ্রাম পেজেই সেই ভিডিয়ো পোস্ট করেছেন ক্রিকেটার। ভিডিওতে দেখা যাচ্ছে, নিজেদের গাড়ি ধুচ্ছেন দু’জনে। একদিকে হার্দিক কাপড় দিয়ে গাড়ি পরিষ্কার করছেন, অন্যদিকে মাহিকা জল ঢালছেন। হঠাৎই মজার ছলে মাহিকা হার্দিকের গায়ে জল ছুঁড়ে দেন, আর সেই মুহূর্তেই ধরা পড়েছে তাঁদের খুনসুটি ও কাছাকাছি আসার দৃশ্য।
হার্দিকের এই পোস্টে ভরে উঠেছে অনুরাগীদের ভালবাসায়। কেউ লিখেছেন, “ভাই এক বছর চুপ করে ছিলেন, এখন আবার ফুল ফর্মে!” আবার কেউ মন্তব্য করেছেন, “এখন প্রমাণ হল দোষটা কার ছিল, নাতাশাকে দোষারোপ করা বন্ধ হোক।” মাহিকা পেশায় একজন সফল মডেল, যিনি বহু নামী ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। বয়সে তিনি হার্দিকের চেয়ে সাত বছরের ছোট।
হার্দিকের আগের সম্পর্কের কথা বলতে গেলে উঠে আসে নাতাশা স্টানকোভিচের নাম। ২০১৯ সালে শুরু হয় তাঁদের প্রেম, ২০২০ সালের জানুয়ারিতে হয় বাগদান। লকডাউনের মধ্যেই আইনত বিয়ে করেন দু’জনে, এবং সেই বছরই জন্ম নেয় তাঁদের পুত্র অগস্ত্য।
এরপর ২০২৩ সালে ভারতীয় ও সার্বিয়ান রীতিতে সামাজিকভাবে ফের বিবাহবন্ধনে আবদ্ধ হন হার্দিক ও নাতাশা। কিন্তু এক বছরের মধ্যেই ভাঙন দেখা দেয় সম্পর্কে। নাতাশা ইনস্টাগ্রাম থেকে ‘পান্ডিয়া’ পদবি সরিয়ে ফেলেন, যা থেকেই শুরু হয় বিচ্ছেদের গুঞ্জন। অবশেষে ২০২৪ সালের অগস্টে তাঁদের ডিভোর্স প্রকাশ্যে আসে।
সেই সময় নাতাশাকে মোটা অঙ্কের খোরপোশ নেওয়ার অভিযোগে ‘গোল্ড ডিগার’ বলা হয়। এমনকি শোনা যায়, আলেকজান্ডার অ্যালেক্স নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নাকি এই সম্পর্ক ভাঙার কারণ। যদিও এখন নাতাশা নিজের কাজ ও ছেলে অগস্ত্যকে নিয়েই ব্যস্ত জীবন কাটাচ্ছেন।