গণেশ চতুর্থীতে অদিতি রাও হায়দারি রেখা ও সঞ্জয় লীলা বনশালির সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করলেন। স্বামী সিদ্ধার্থ ছিলেন না উপস্থিত।

অদিতি রাও হায়দারি
শেষ আপডেট: 30 August 2025 15:51
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অভিনেত্রী অদিতি রাও হায়দারি এবারের গণেশ চতুর্থীর আনন্দ ভাগ করে নিলেন রেখা এবং পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে। ইনস্টাগ্রামে অভিনেত্রী একগুচ্ছ ছবি পোস্ট করে সেই বিশেষ মুহূর্তের ঝলক শেয়ার করেছেন। যদিও এই উৎসবে অদিতির স্বামী, অভিনেতা সিদ্ধার্থকে দেখা যায়নি।
উৎসবের দিন অদিতি ছিলেন একেবারেই রঙিন মেজাজে। গোলাপি স্যুটে সেজে উঠেছিলেন তিনি, আর এভারগ্রিন অভিনেত্রী রেখা বেছে নিয়েছিলেন অফ-হোয়াইটের সঙ্গে সোনালি শাড়ি। অদিতির পোস্টে দেখা গেল, রেখা কখনও তাঁর মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন, কখনও স্নেহের চুম্বন দিচ্ছেন কপালে। সঞ্জয় লীলা বনশালির সঙ্গেও অদিতির আলিঙ্গনের ছবি ভক্তদের মন জয় করেছে। ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাও ছিলেন সেই সন্ধ্যায়।
পোস্টের ক্যাপশনে অদিতি লিখলেন, “উৎসব মানেই ভালবাসা। আমার বাড়ি আর সিধুকে খুব মিস করছি।” স্বাভাবিকভাবেই, সিদ্ধার্থও প্রতিক্রিয়ায় লাল হৃদয়ের ইমোজি দিয়ে উত্তর দিয়েছেন।
অদিতি-সিদ্ধার্থের প্রেমকাহিনি শুরু হয়েছিল ২০২১ সালে মহা সমুদ্রম ছবির সেটে। গোপন গুঞ্জন চলতে চলতেই গত বছর সেপ্টেম্বরে পরিবার-বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারেন দু’জনে।
কাজের দিক থেকে অদিতি এখন ব্যস্ত ও সাথী রে ওয়েব সিরিজ নিয়ে, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন অর্জুন রামপাল ও অবিনাশ তিওয়ারি। ইমতিয়াজ আলি পরিচালিত এই সিরিজ মুক্তি পাবে নেটফ্লিক্সে। এছাড়া তাঁকে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে নতুন এক পারিবারিক বিনোদনমূলক ছবিতেও। অন্যদিকে, সিদ্ধার্থকে সম্প্রতি দেখা গিয়েছে সাই গণেশ পরিচালিত তামিল ছবি ৩বিএইচকে-তে, যা মুক্তি পেয়েছে ৪ জুলাই।