
সামান্থা রুথ প্রভু
শেষ আপডেট: 21 April 2025 18:36
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় এক এক সময় এমন কিছু পোস্ট আসে, যেটা দেখলে মনে হয় ‘আরে! এ তো আমার গল্প!’ অনেকসময় এমনিও কোনও পোস্ট মন ছুঁয়ে যায়। ফলে, সঙ্গে সঙ্গে তাতে লাইক বা কমেন্ট। সেলিব্রিটিরাও আলাদা কিছু নন।
সম্প্রতি ইনস্টাগ্রামে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু একটি পোস্ট লাইক করেছেন, যার বিষয়বস্তু ‘পুরুষ তার অসুস্থ সঙ্গীকে ছেড়েও দিতে পারে’। প্রসঙ্গত, সম্পর্কে যখন পুরুষ তার প্রেমিকা বা স্ত্রীকে কোনও ব্যাখ্যা ছাড়াই ছেড়ে চলে যায়, সেই সংক্রান্ত কিছু আলোচনা হচ্ছিল সেই পোস্টে।
‘সাকসেসভার্স’ নামের এক ইনস্টাগ্রাম পেজ থেকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করা হয়, যা আদতে একটি ইউটিউব চ্যানেল ‘ডায়রি অফ আ সিইও’ থেকে নেওয়া। পোস্টের নাম ছিল, ‘পুরুষ কেন তার অসুস্থ সঙ্গিনীকে ছেড়ে দেয়: সম্পর্কের শীতল কঠিন সত্যি’। সেখানে আলোচনা করা হয়েছে এক স্ট্যাটিস্টিক নিয়ে, যা বলছে নারী যখন ধাপে ধাপে মৃত্যুর দিকে এগিয়ে যান, তখন তাঁর প্রেমিক তাঁকে ছেড়ে দিতে পারেন। সম্ভাবনা রয়েছে প্রায় ৬২৪%। কিন্তু সেখানেই নারী কিন্তু পাশে থেকে যান তাঁর প্রেমিকের।
View this post on Instagram
এই পোস্টটিতে সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ লাইক দিয়েছেন এবং ঘটনাচক্রে তাঁদের মধ্যে একজন সামান্থা। যদিও তিনি পোস্টটিতে কমেন্ট বা শেয়ারও করেননি।
২০২২ সালে সামান্থা সোশ্যাল মিডিয়ায় জানান তিনি মায়োসাইটিস রোগে আক্রান্ত, যা কিনা একপ্রকার অটোইমিউন ডিজিজ। এই রোগে নিজস্ব রোগপ্রতিরোধ ক্ষমতা শরীরের বিভিন্ন অংশের মাংশপেশিকে আক্রমণ করে, ফলে প্রচণ্ড যন্ত্রণা হয় সারা শরীরজুড়ে। ইনফ্লেমেশন এবং দুর্বলতা হয়ে ওঠে সবসময়ের সঙ্গী। এই রোগের সঙ্গে লড়াই যে কেরিয়ারের পাশাপাশি তাঁর প্রতিদিনের জীবনে প্রভাব ফেলছে, তা আগেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, তেলেগু অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে সামান্থার ডিভোর্সের এক বছর পরেই তাঁর এই অসুস্থতাঁর কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী। ২০১৫ সাল থেকে প্রেম, তারপর ২০১৭-তে বিয়ে সারেন তাঁরা। কিন্তু সেই সম্পর্ক সুখকর হয়নি।
সামান্থাকে শেষবার দেখা গিয়েছিল ২০২৪-এ অ্যামাজন প্রাইম ভিডিও-র ‘সিটাডেল: হানি বানি’ সিরিজে, যেখানে তাঁর বিপরীতে ছিলেন বরুণ ধাওয়ান। সিরিজটি রুসো ব্রাদার্সের ‘সিটাডেল’ ইউনিভার্সের অংশ। যদিও শোনা গেছে, এই সাব-সিরিজের দ্বিতীয় সিজন বাতিল করা হয়েছে। বর্তমানে সামান্থা ব্যস্ত রয়েছেন নেটফ্লিক্সের একটি নতুন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এর শ্যুটিং নিয়ে।