এক ভিডিও বার্তায় পুরো ঘটনাটি খোলসা করেন অহনা। তিনি জানান, শুটিং চলাকালীন আচমকাই দীপঙ্করের ফোন পান—শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত তিনি শ্বশুরমশাইকে সঙ্গে নিয়ে নিকটবর্তী হাসপাতালে যান।

শেষ আপডেট: 6 April 2026 13:18
দ্য ওয়াল ব্যুরো: ছোটপর্দার পরিচিত অভিনেত্রী অহনা দত্ত-র (Ahana Dutta) পোস্ট ঘিরে শোরগোল নেটপাড়ায়। অভিনেত্রী স্বামী দীপঙ্কর-র আচমকা অসুস্থতার খবর সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরাও। তবে আপাতত স্বস্তির খবর, বিপদ কেটে গিয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তিনি।
৫ এপ্রিল বিকেলে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন অহনা। সেখানে দেখা যায় হাসপাতালের বেডে বসে রয়েছেন দীপঙ্কর। পাশে বসে রয়েছেন অভিনেত্রী নিজে। ছবির সঙ্গে তিনি লেখেন, “চিন্তার কিছু নেই, বাড়ি ফিরছি আমরা। এখনও অনেক লড়াই বাকি।” একই সঙ্গে এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান।
পরে এক ভিডিও বার্তায় পুরো ঘটনাটি খোলসা করেন অহনা। তিনি জানান, শুটিং চলাকালীন আচমকাই দীপঙ্করের ফোন পান—শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত তিনি শ্বশুরমশাইকে সঙ্গে নিয়ে নিকটবর্তী হাসপাতালে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা হিসেবে অক্সিজেন দেওয়া হয়। খবর পেয়ে শুটিং ফ্লোর ছেড়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন অহনা।
অভিনেত্রীর কথায়, তখন দীপঙ্করের শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক ছিল। রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যায়, সঙ্গে রক্তচাপেরও ওঠানামা শুরু হয়। চিকিৎসকদের পরামর্শে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করে আইসিইউতে ভর্তি করা হয়। একাধিক পরীক্ষার পর ধীরে ধীরে অবস্থার উন্নতি হয়।
এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েন দীপঙ্কর। তিনি বলেন, পরিস্থিতি এমন ছিল যে যে কোনও সময় বড় বিপদ ঘটতে পারত। তবে পরিবারের উপস্থিতি, চিকিৎসকদের দ্রুত পদক্ষেপ এবং সকলের প্রার্থনাতেই তিনি সুস্থ হয়ে উঠেছেন।
এই ঘটনার পর অনুরাগীদের কাছ থেকে প্রচুর ভালবাসা ও সমর্থন পেয়েছেন দম্পতি। অহনা জানান, অসংখ্য ফোন ও বার্তা পেয়েছেন তাঁরা, যদিও সব কিছুর উত্তর দেওয়া সম্ভব হয়নি। তবুও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
বর্তমানে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অহনা। এর আগে ‘অনুরাগের ছোঁয়া’-তে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে। পাশাপাশি রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ ছবিতেও মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী-র সঙ্গে কাজ করেছেন তিনি।