আগামী দিনে দেবকে দেখা যাবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে। চলতি বছরের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা এই ছবির। এখানে বাস্তব জীবনের নায়ক করিমুল হকের সংগ্রামী জীবন তুলে ধরা হবে, যিনি বাইকে করে উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকার অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দিয়ে বহু প্রাণ বাঁচিয়েছেন।
.jpg.webp)
শেষ আপডেট: 15 January 2026 13:27
দ্য ওয়াল ব্যুরো: ১৫ জানুয়ারি দেবের পরিবারে খুশির হাওয়া। এ দিনই অভিনেতা-সাংসদ দেবের মা মৌসুমী অধিকারীর জন্মদিন। মায়ের ৬০তম জন্মদিন উপলক্ষে মধ্যরাত পেরোতেই একগুচ্ছ ছবি পোস্ট করে জন্মদাত্রীকে শুভেচ্ছা জানালেন দেব। এবছর ষাটে পা দিয়ে খাতায়-কলমে ‘সিনিয়র সিটিজেন’ হলেন তিনি, আর সেই কথাই হালকা রসিকতার ছলে তুলে ধরেছেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলির প্রথমটিতেই ধরা পড়েছে এক আবেগঘন মিষ্টি মুহূর্ত। মাকে জড়িয়ে ধরে চুমু খেতে দেখা যাচ্ছে দেবকে। এরপর রয়েছে ২০২৫ সালের দোল উৎসবের সময় তোলা দু’টি ছবি। বাকি ছবিগুলিতেও বিভিন্ন সময়ে মা-ছেলের স্নেহভরা মুহূর্তের স্মৃতিই ধরা পড়েছে।
ছবির অ্যালবামে বিশেষ জায়গা পেয়েছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেবের বাবা-মায়ের একটি ছবি। পাশাপাশি রুক্মিণী মৈত্র ও তাঁর মায়ের সঙ্গে দেবের মায়ের একটি ফ্রেমও নজর কেড়েছে অনুরাগীদের। এছাড়াও কাশ্মীর সফরের একটি অদেখা পারিবারিক ছবিও শেয়ার করেছেন দেব, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এই ছবিগুলির সঙ্গে দেব ক্যাপশনে লেখেন, “মা সিনিয়র সিটিজেন ক্লাবে যোগ দিল। শুভ ৬০ বছরের জন্মদিন মা।”
দেবের এই পো ঘিরে শুভেচ্ছার ঢল নেমেছে নেটপাড়ায়। বহু অনুরাগী কমেন্টে মৌসুমী অধিকারীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ আবার মজা করে লিখেছেন, “শুভ জন্মদিন আমার না-হওয়া শাশুড়ি মা”, কেউ আবার লিখেছেন, “প্রণাম নেবেন, ভালো থাকবেন।” এক অনুরাগীর মতে, মৌসুমী অধিকারী সত্যিই একজন “রত্নগর্ভা” মা।
কাজের ক্ষেত্রে দেবকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ‘প্রজাপতি ২’ ছবিতে। ২০২৫ সালের বড়দিনে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে দেবের পাশাপাশি অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, অনুমেঘা কাহালি ও খরাজ মুখোপাধ্যায়। বক্স অফিসে ছবিটির টক্কর হয়েছিল অরিন্দম শীল পরিচালিত ‘একটি খুনির সন্ধানে মিতিন’ এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত, এসভিএফ ও দাগ মিডিয়া প্রযোজিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির সঙ্গে।
আগামী দিনে দেবকে দেখা যাবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে। চলতি বছরের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা এই ছবির। এখানে বাস্তব জীবনের নায়ক করিমুল হকের সংগ্রামী জীবন তুলে ধরা হবে, যিনি বাইকে করে উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকার অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দিয়ে বহু প্রাণ বাঁচিয়েছেন। পাশাপাশি দেব আরও তিনটি ছবির ঘোষণা করেছেন। ২০২৬ সালের পুজোয় মুক্তি পাওয়ার কথা তাঁর ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সপ্তম ছবির। এছাড়াও রয়েছে ‘টনিক ২’ ও ‘খাদান ২’।
অন্যদিকে, সম্প্রতি এসআইআর সংক্রান্ত শুনানিতে নির্বাচন কমিশনের তরফে দেবকে তলব করা হয়েছিল। শুধু দেব নন, তাঁর পরিবারের সদস্যদেরও সেখানে হাজিরা দিতে বলা হয়। ১৪ জানুয়ারি তিনি নির্দিষ্ট কেন্দ্রে হাজিরা দেন। শুনানি শেষে দেব জানান, ইমিউনেশন ফর্ম সংক্রান্ত কিছু বিভ্রান্তির কারণেই তাঁকে ডাকা হয়েছিল। তিনি স্পষ্ট করে বলেন, আইন মেনেই তিনি সব কাজ করেছেন এবং ভবিষ্যতেও আইন মেনেই চলবেন।
এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে দেবের আবেদন, সিনিয়র সিটিজেনদের হয়রানি না করার। তাঁর কথায়, “বয়স্ক মানুষদের নিয়ে একটু ভাবা দরকার। আমি সাধারণ মানুষের কথাই বলছি।”