ছোটবেলা থেকে আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি দেখেই বড় হয়েছি। জীবনে খুব শখ ছিল ওঁর সঙ্গে যদি একটু সময় হলেও কথা বলা যায়। সেখানে ওঁর সঙ্গে একসঙ্গে কাজ করা আমার কাছে ভগবানের আশীর্বাদ।

গ্রাফিক্স দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 26 September 2025 17:31
'তুমি আমায় ত্যাগ কর নাই–গ্রহণ করিয়াছ। আমাকে এক দিনের জন্য শয্যার পাশে ঠাঁই দিয়াছ–আমার সেই ঢের। তোমার কাছে ভিক্ষা করিতেছি, আমার মত দুঃখিনীর জন্য বাপের সঙ্গে তুমি বিবাদ করিও না। তাতে আমি সুখী হইব না।'
প্রফুল্লর সংলাপ তাঁর স্বামী ব্রজেশ্বরের প্রতি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দেবী চৌধুরাণী' (Debi Chowdhurani) উপন্যাস নিয়ে বাংলা ছবি (Bengali Film) হয়েছে বারবার। আজ মুক্তি পেল শুভ্রজিৎ মিত্রর (Subhrajit Mitra) পুজোর ছবি 'দেবী চৌধুরানী'। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী চরিত্র গ্রাম্য প্রফুল্লর ডাকাতরানি হয়ে ওঠার গল্প। এই ছবিতে মুখ্য ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকলেও কাহিনির মূল নায়ক ব্রজেশ্বর। প্রফুল্লর স্বামী ব্রজেশ্বরের ভূমিকায় অভিনয় করেছেন নতুন যুগের অভিনেতা কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। কিঞ্জল একাধারে ডাক্তার ও অভিনেতা। দুদিকেই সফল তিনি। ডাক্তারি সামলে কী ভাবে হয়ে উঠলেন ব্রজেশ্বর। সেসব শোনালেন এই প্রথম দ্য ওয়ালে।

এরআগে প্রদীপ কুমার ও রঞ্জিত মল্লিক হয়েছিলেন ব্রজেশ্বর। প্রদীপ কুমারের সে ছবি বহুকাল হারিয়ে গিয়েছে। দীনেন গুপ্তর 'দেবী চৌধুরানী' ছবিতে সুচিত্রা সেন ও রঞ্জিত মল্লিক ছিলেন দেবী ও ব্রজেশ্বর রূপে।
ব্রজেশ্বর হিসেবে বাঙালি চেনে রঞ্জিত মল্লিককে। এই তুলনা নিয়ে কিঞ্জল বললেন 'বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাস আমার পড়া ছিল। কিন্তু সুচিত্রা সেন-রঞ্জিত মল্লিকের 'দেবী চৌধুরানী' ছবিটা আমি দেখিনি। আজও দেখিনি। রঞ্জিত বাবু কেমন কী করেছিলেন আমি দেখিনি। আমি পরিচালকের কথা মতো করেছি। '

ব্রজেশ্বর হয়ে ওঠা কতখানি অভিজ্ঞতা সঞ্চয়?
কিঞ্জল বললেন 'প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তীর মতো স্টার তো আছেই যা বিশাল অভিজ্ঞতা। তবে আমার মেকআপ করেছেন সোমনাথ কুণ্ডু। যার রূপটানে প্রথম কাজ করা এবং ব্রজেশ্বর হয়ে ওঠা। তাই স্পেশাল মেনশন করলাম সোমনাথদার নামটা। ওঁর মতো মানুষের নাম হয়তো কেউ বলছেন না। আমার মনে হয় ওঁর নামটা বলা উচিত। এত নীতিপরায়ণ ডেডিকেটেড একজন মানুষ খুব বিরল ইন্ডাস্ট্রিতে। আমি ওঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলাম। ছবিটা করার পর থেকে উনি অত্যন্ত কাছের মানুষ আমার। সোমনাথ কুণ্ডুর রূপটান একজন অভিনেতাকে ভাল অভিনয় করার জায়গাটা অনেকটা এগিয়ে দেয়। এটা আমার পরম প্রাপ্তি।
এবার দর্শকদের আমায় ব্রজেশ্বর রূপে কতটা ভাল লাগে সেটাই এখন দেখার। আশা করি উপন্যাসের কালজয়ী চরিত্রকে ফুটিয়ে তুলতে পেরেছি।