প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি ভাঙনের পর একসঙ্গে 'প্রাক্তন', 'দৃষ্টিকোণ'-এর মতো ছবি করলেও, দেবশ্রী-প্রসেনজিৎ জুটি আর একসঙ্গে ফেরেনি। তবে এবার চিরঞ্জিত ছবি পরিচালনা করলে দেবশ্রী-প্রসেনজিৎ জুটিকে একসঙ্গে ফেরাতে চান।
.jpeg.webp)
গ্রাফিক্স দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 18 September 2025 15:46
দ্য ওয়াল ব্যুরো: চিরঞ্জিত, প্রসেনজিৎ আর দেবশ্রী রায় একসঙ্গে একাধিক হিট ছবি করেছিলেন। 'রক্ত নদীর ধারা', 'তোমার রক্তে আমার সোহাগ' বেশ কিছু জনপ্রিয় ছবির তালিকা রয়েছে তাঁদের। আবার আলাদা ভাবেও প্রসেনজিৎ ও চিরঞ্জিতের নায়িকা হয়ে সুপারহিট ছবি করেছেন দেবশ্রী রায়। পরবর্তীকালে চিরঞ্জিত পরিচালক রূপেও হিট ছবি উপহার দিয়েছেন। 'কেঁচো খুড়তে কেউটে' থেকে 'সেদিন চৈত্র মাস'।
চিরঞ্জিতের পরিচালনায় দেবশ্রী রায়ের কেরিয়ারে অন্যতম শ্রেষ্ঠ ছবি হল 'ভয়'।

বহুদিন ছবির জগৎ থেকে দূরে সরে রয়েছেন চিরঞ্জিত। কিন্তু দেবশ্রী-প্রসেনজিতের প্রেম থেকে বিয়ে হলেও সেই বিয়ে টেকেনি এক বছরের বেশি। দশকের পর দশক, প্রসেনজিতের সঙ্গে ছবি করা ছেড়ে দেন দেবশ্রী রায়। প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি ভাঙনের পর একসঙ্গে 'প্রাক্তন', 'দৃষ্টিকোণ'-এর মতো ছবি করলেও, দেবশ্রী-প্রসেনজিৎ জুটি আর একসঙ্গে ফেরেনি। তবে এবার চিরঞ্জিত ছবি পরিচালনা করলে দেবশ্রী-প্রসেনজিৎ জুটিকে একসঙ্গে ফেরাতে চান।
কিছুদিন আগে পারমিতা মুন্সির 'আমি যখন হেমা মালিনী' ছবির প্রচারে চিরঞ্জিত চক্রবর্তী বলেছিলেন সাংবাদিক বৈঠকে, "দেব-শুভশ্রী জুটির পর আমি চাই আবার প্রসেনজিৎ-দেবশ্রী জুটি ফিরুক পর্দায়, এই জুটিটা ফেরার অত্যন্ত প্রয়োজন বাংলা ছবির বক্সঅফিসের স্বার্থে।"
অন্যদিকে 'দেবী চৌধুরাণী'র প্রচারে চিরঞ্জিতের সেই ইচ্ছের কথা জানানো হয় প্রসেনজিৎকে।
প্রসেনজিৎ কোনওভাবে রেগে যাননি দেবশ্রীকে নিয়ে প্রশ্ন করায়। হাসিমুখে বুম্বার উত্তর, "আমি তো চাই দীপকদা একটা স্ক্রিপ্ট লিখুক আমাদের জন্য, আমার বহুদিনের ইচ্ছে ছিল এবং আমি অনেকবার দীপকদাকে বলেছি যে, আমি তোমার পরিচালনায় একটা কাজ করতে চাই। দীপকদা, আমার আর চুমকির জন্য যদি পরিচালনা করেন তাহলে অবশ্যই আমি ছবি করতে চাই। আর আমি নিজেও ব্যক্তিগতভাবে একটা পরিণত প্রেমের ছবি করতে চাই দেবশ্রী সঙ্গে আবার।"
পরিণত প্রেমের গল্পে দেবশ্রী-প্রসেনজিৎকে দর্শকরাও দেখতে উন্মুখ। কিন্তু কোনওভাবেই দেবশ্রী এতদিনে এক হতে চাননি প্রসেনজিতের সঙ্গে। যদিও চিরঞ্জিতের সঙ্গে দেবশ্রীর সম্পর্ক ভাল। কাছের মানুষ দীপকদার অনুরোধে প্রাক্তন স্বামী বুম্বার সঙ্গে জুটি বাঁধবেন কী দেবশ্রী? সময় বলবে সে কথা।