একটা সময় হরর মানেই ভূত, প্রেত, ছায়া আর রহস্যের জালে আটকে থাকা গল্প। কিন্তু সময় বদলেছে, রীতিও পাল্টেছে। এবার বাংলা সিনেমায় পা রাখছে এমন এক ঘরানা, যা এতদিন শুধু হিন্দি বা বিদেশি ছবিতেই দেখা গিয়েছে — ‘হরর স্ল্যাশার’। আর সেই ছবি ঘিরেই তুমুল চর্চা— নাম ‘ভুগুন’।

অভিষেক-টোটা
শেষ আপডেট: 28 July 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় হরর মানেই ভূত, প্রেত, ছায়া আর রহস্যের জালে আটকে থাকা গল্প। কিন্তু সময় বদলেছে, রীতিও পাল্টেছে। এবার বাংলা সিনেমায় পা রাখছে এমন এক ঘরানা, যা এতদিন শুধু হিন্দি বা বিদেশি ছবিতেই দেখা গিয়েছে — ‘হরর স্ল্যাশার’। আর সেই ছবি ঘিরেই তুমুল চর্চা— নাম ‘ভুগুন’।
এই ছবির হাত ধরে প্রথমবার টলিউডে আসছেন বলিউডের ‘হাথোড়া ত্যাগী’ খ্যাত অভিষেক বন্দ্যোপাধ্যায়। যিনি ‘স্ত্রি’, ‘পাতাল লোক’, ‘স্টোলেন’-এর মতো ছবিতে তাঁর অভিনয়ের জোরে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। কাস্টিং ডিরেক্টর হিসেবে বলিউডে কেরিয়ার শুরু হলেও, আজ তিনি নিজেই প্রথম সারির অভিনেতাদের একজন।
তাঁর এই প্রথম বাংলা ছবির পরিচালক দেবালয় ভট্টাচার্য। ‘ভুগুন’-এর গল্প, চিত্রনাট্য দেবালয়েরই লেখা। থিম একেবারেই নতুন— হরর স্ল্যাশার। মানে? একের পর এক খুন, ভয়, রক্ত আর থ্রিল মিশে যাবে ছবির প্রতিটি ফ্রেমে। হালের হিন্দি ছবি ‘ছোড়ি ২’ বা ‘অ্যানিম্যাল’-এর মতো ঘরানার ছবি হতে চলেছে এটা।
তবে শুধু অভিষেক নন, এই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকেও। বাংলা ছবিতে তাঁকে কম দেখা যায় বলে বহু অনুরাগীরই আক্ষেপ ছিল। এবার দেবালয়ের ছবিতে তাঁর কামব্যাক অনেককেই রোমাঞ্চিত করবে। পাশাপাশি থাকবেন পার্নো মিত্র, ঋদ্ধি সেন, সুব্রত দত্ত, লোকনাথ দে-রাও। অভিষেকের বিপরীতে থাকছেন এক নবাগতা— আরিয়া রায়।
শুধু টলিউড নয়, এই প্রজেক্টে জড়িয়েছেন বলিউডের প্রথম সারির প্রযোজক মধু মান্টেনাও, যিনি ‘গজনি’, ‘উড়তা পঞ্জাব’, ‘মাসান’, ‘লুটেরা’র মতো ছবি প্রযোজনা করেছেন। এসভিএফ-এর সঙ্গে যৌথভাবে প্রযোজনার দায়িত্বে আছেন তিনি। অর্থাৎ ছবিটি শুধু বাংলায় নয়, ডাব হবে আরও কয়েকটি ভাষায়ও।
শুটিং শুরু হচ্ছে ৩০ জুলাই থেকে। শহরের নানা প্রান্ত— ধান্যকুড়িয়া, বানতলা থেকে শুরু করে স্টুডিয়োর সেটে তৈরি হচ্ছে ‘ভুগুন’-এর ভয়াল দুনিয়া। অভিষেকের লুক সেটের কাজ শুরু করেছেন প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু। ছবির শুটিংয়ের আগেই লুক টেস্টে অংশ নিতে কলকাতায় আসছেন অভিষেক।
তাঁর সাম্প্রতিক হিন্দি ছবি ‘স্টোলেন’ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে— ছোট বাজেটের মধ্যে সমাজের গভীর অসাম্য ও বিভেদের কথা তুলে ধরার জন্য। সেখানে অনবদ্য অভিনয় করেছেন অভিষেক। এবার বাংলায় পা দিয়েই এক অন্য ঘরানায় বাজি ধরলেন তিনি।
সব মিলিয়ে, ‘ভুগুন’ হতে চলেছে বাংলা সিনেমার জন্য এক নতুন অধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘হাথোড়া ত্যাগী’ থেকে স্ল্যাশার হিরো হয়ে ওঠার যাত্রা, টোটার কামব্যাক, দেবালয়ের এক্সপেরিমেন্ট— সবই যেন বাংলা ইন্ডাস্ট্রির রক্তে নতুন স্রোত বইয়ে দেওয়ার ইঙ্গিত। আর হররের মধ্যে থেকেও যদি এমন একটা থ্রিল পাওয়া যায়, তাহলে বাঙালির ঘুম ছুটতে বাধ্য!