
শেষ আপডেট: 3 December 2023 15:44
দ্য ওয়াল ব্যুরো: এতবছরের সুখী দাম্পত্য তাহলে কি শেষের পথে! ২০০৭ সালে বিয়ের পর অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, এই বিয়ে টিকবে না। কিন্তু নিন্দকদের মুখে ছাই দিয়ে ১৫ বছরের বেশি একসঙ্গে কাটিয়ে দিলেন অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। কিন্তু হঠাৎ করে তাঁদের সুখের সংসারে অশান্তির আঁচ! পরিস্থিতি এতটাই জটিল যে, স্বামীর ঘর ছেড়ে নিজের বাড়িতে গিয়ে উঠেছেন অভিনেত্রী। এবার দেখা গেল অভিষেক বাঁ হাতের অনামিকা থেকে খুলে ফেলেছেন বিয়ের আংটি। তাহলে কি সত্যিই দু’জনের বিচ্ছেদ আসন্ন!
অভিষেক বচ্চনের হাতের আংটি দেখা না যেতেই এই ঘর ভাঙার খবর আরও দানা বেঁধেছে। স্বাভাবিকভাবেই এই ছবি যে বিচ্ছেদের জল্পনার আগুনে ঘি ঢেলেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ইভেন্টে হাজির হয়েছিলেন অভিষেক। সেই অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। সেই ছবিতে দেখা যাচ্ছে, নিজের লুক অনেকটাই বদলে ফেলেছেন। কিন্তু তার থেকেও বেশি নজর কেড়েছে অভিষেকের বাঁ হাতের আঙুল। কারণ দেখা যাচ্ছে, আঙুলে নেই বিয়ের আংটি। যা সবসময় পরে থাকতেন।
View this post on Instagram
অভিষেক-ঐশ্বর্যর সংসার ভাঙা নিয়ে কম জলঘোলা হচ্ছে না। যদিও কেউ কেউ বলছেন, পুরোটাই মিডিয়ার রটানো গুজব। এই খবরের সত্যতা নেই। কিন্তু কথায় আছে, যা রটে, তার কিছুটা তো বটে! তাই বলিউডের অন্দরেই কানাঘুষো শোনা যাচ্ছে, ঐশ্বর্যর সঙ্গে তাঁর শাশুড়ি-ননদের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। আর গোটা বিষয়টাতেই অভিষেক একেবারে মৌন। সেই কারণেই দাম্পত্য সম্পর্ক ভাঙতে চলেছে। ইতিমধ্যে নানারকম জল্পনা চলছে। আর তার মাঝেই দেখা গেল, অভিনেতার আঙুলে নেই বিয়ের আংটি। তাহলে কি বিচ্ছেদই ভবিতব্য অভিষেক-ঐশ্বর্যর? উত্তর লুকিয়ে কালের গর্ভে।